২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেগম খালেদা জিয়া দ্বিতীয়বারের মতো সার্কের চেয়ারপার্সন হতে যাচ্ছেন

ঢাকায় অনুষ্ঠেয় দু’ দিনব্যাপী সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 06:55 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

এর আগে ঢাকায় ১৯৯৩ সালে সপ্তম সার্ক শীর্ষ সম্মেলনে খালেদা জিয়া প্রথমবারের মতো সার্কের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন।

শনিবার জাতীয় সঙ্গীত পরিবশেন ও কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে ১৩তম সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শুরু হবে। অধিবেশনে বেগম জিয়া উদ্বোধনী বক্তব্য রাখবেন। সার্কের বিদায়ী চেয়ারপার্সন পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন এবং এর পরপরই সম্মেলনের আলোচ্য বিষয়গুলো অনুমোদন করা হবে।

সার্কের স্বপ্নদ্রষ্ট্রা হিসেবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সার্ক অ্যাওয়ার্ড ২০০৪ প্রদানের ঘোষণা দেবেন বর্তমান চেয়ারপার্সন শওকত আজিজ। জিয়াউর রহমানের বড় পুত্র তারেক রহমান পিতার পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করবেন।

খালেদা জিয়ার চেয়ারপার্সন নির্বাচনের পর দক্ষিণ এশীয় নেতারা সম্মেলনে বক্তব্য রাখবেন।

বর্ণানুক্রমিকভাবে ভুটানের প্রধানমন্ত্রী লিওনপো সাঙ্গে নেদুপ প্রথমে বক্তব্য রাখবেন। পর্যায়ক্রমে বক্তব্য রাখবেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, মালদ্বীপের রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুম, নেপালের রাজা জ্ঞানেন্দ্র, পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ ও শ্রীলঙ্কার চন্দ্রিকা কুমারাতুঙ্গা।

প্রথম অধিবেশনের সমাপনী ভাষণ দেবেন বেগম খলেদা জিয়া। এর আগে সার্কের মহাসচিব চপগিভাল দর্জিও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

প্রথম অধিবেশন দুই ঘণ্টা ৪০ মিনিট ধরে চলবে।

উদ্বোধনী অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখবেন।