সুন্দরবনকে রক্ষায় যথাযথ মনোযোগ দিতে হবে
সুন্দরবনের জীব বৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষায় মূলত অবকাঠামোগত উন্নয়ন, বনবিভাগের জনবল বৃদ্ধি ও বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের সুযোগ-সুবিধা বৃদ্ধি জরুরী হয়ে পড়েছে।
বনবিভাগের কর্মকর্তারা বিডিনিউজকে জানান, সুন্দরবন রক্ষা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে বর্তমানে এক তৃতীয়াংশের বেশি জনবল ঘাটতি রয়েছে। স্বল্প সংখ্যক জনবল নিয়ে বৃহৎ আয়তনের সুন্দরবন তত্ত্বাবধান করা সত্যিই কঠিন।
সুন্দরবনের মোট আয়তন ছয় হাজার ১৭ বর্গ কিলোমিটার। এর মধ্যে এক হাজার ৮৭৪ কিলোমিটার রয়েছে নদী, খাল ও জলাশয়। এই বনে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, বানর, শুকর, কুমিরসহ বিভিন্ন বন্য ও জলজ প্রাণীর সমাহার। কিন্তু সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে এসব প্রাণীর বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে এবং সেই সাথে তাদের অস্তিত্বও আজ হুমকির সম্মুখীন।
কাঠ চোরাচালানীদের হাতে পড়ে সুন্দরবনের প্রধান বৃক্ষ সুন্দরী, গেওয়া, বাইন, পশুর, গরান. গোলপাতাসহ বিভিন্ন বৃক্ষের সংখ্যা ক্রমেই কমতে শুরু করেছে।
সুন্দরবন রক্ষাড যে জনবল ও সুযোগ সুবিধা দরকার তার যথেষ্ট অভাব রয়েছে। ফলে বনের উন্নয়ন ও জীব বৈচিত্র সংরক্ষণের জন্য প্রকল্পের পর প্রকল্প গ্রহণ করেও তেমন কোন উন্নয়ন ঘটানো সম্ভব হচ্ছে না।
কাজের সুবিধার্থে ২০০০ সালে সুন্দরবনকে প্রশাসনিকভাবে পূর্ব এবং পশ্চিম-এই দুই ভাগে ভাগ করা হয়। সুন্দরবন পূর্ব বন বিভাগে রয়েছে চাঁদপাই ও শরণখোলা রেঞ্জ এবং পশ্চিম বন বিভাগে রয়েছে খুলনা ও সাতক্ষীরা রেঞ্জ।
প্রশাসনিকভাবে দুই ভাগ করা হলেও বন রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় লোকবল ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সুন্দরবন সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য কর্মকর্তা-কর্মচারিসহ কমপক্ষে দেড়হাজার লোক প্রয়োজন। কিন্তু বর্তমানে আছে কর্মকর্তা-কর্মচারিসহ মোট ৯১৮ জন। যা সুন্দরবনের নিরাপত্তাকে বিঘ্নিত করছে।
সুন্দরবন পাহারা দেয়ার জন্য ইঞ্জিন-চালিত নৌযান উপযুক্ত মাধ্যম হলেও বর্তমানে মাত্র ৩৫টি ছোট-বড় ইঞ্জিন-চালিত নৌযান আছে। এসব নৌযানের অনেকগুলো আবার বিকল হয়ে আছে। অথচ সুন্দরবনকে সার্বিকভাবে পাহারা দিতে হলে একশ’টি যান্ত্রিক নৌযান প্রয়োজন।
সুন্দরবন পাহারার জন্য নিয়োজিত ইঞ্জিন-চালিত নৌকাগুলোর জ্বালানি তেল সরবরাহ করার জন ১৯৭২ সালে ৮৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। ইতোমধ্যে জ্বালানি তেলের মূল্য কয়েক দফা বৃদ্ধি পেলেও বরাদ্দ বৃদ্ধি পায়নি। সরকারের বিভিন্ন বিভাগের উর্দ্ধতন আমলারা সুন্দরবন ভ্রমণে আসলে জ্বালানির জন্য বরাদ্দকৃত অর্থের বেশির ভাগই ব্যয় হয়ে যায় বলে দায়িত্বশীল সূত্র জানায়।
সুন্দরবনে চারটি রেঞ্জে ৫২টি টহল ফাঁড়ি রয়েছে। প্রতিটি টহল ফাঁড়িতে কমপক্ষে পাঁচ জন কর্মচারি থাকার কথা থাকলেও অধিকাংশ ফাঁড়িতে এই লোকবল নেই।
তাছাড়া তাদের বাসস্থান, চিকিৎসা, খাবারের এবং খাবার পানিরও ব্যবস্থা নেই।
সুন্দরবনের গহীন ও দুর্গম জঙ্গল থাকা এ সকল কর্মচারিরা জীবনের ঝুঁকি নিয়ে লোকালয় থেকে খাবার ও খাবার পানি সংগ্রহ করে। রোগাক্রান্ত হলে বনকর্মচারিদের লোকালয়ে এসে চিকিৎসা করাতে হয়।
অভিযোগ রয়েছে, বেশ কয়েকজন বন কর্মচারি রোগাক্রান্ত হয়ে প্রয়োজনীয় চিকিৎসার অভাবে মারা গেছে।
গোলপাতার ছাউনি ও বেড়া দিয়ে তৈরি ঘরে থেকে বেশির ভাগ টহল ফাঁড়ির কর্মচারিরা বন পাহারা দিয়ে থাকে। সামান্য ঝড়েই এ সকল ঘর লণ্ডভণ্ড হয়ে যায়। ফলে বিভিন্ন দূর্যোগের সময় দুর্গম বনে কর্মরত কর্মচারিদের সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে বেঁচে থাকতে হয়।
সূত্র জানায়, টহল ফাঁড়ির সংখ্যা দ্বিগুণ করাসহ প্রত্যেক টহল ফাঁড়ি আধা পাকা ও সুরক্ষিত করা প্রয়োজন।
দেশ স্বাধীন হওয়ার পর বন বিভাগের কর্মকর্তা-কর্মচারি ছাড়াও সুন্দরবনে কর্মরত বাওয়ালী, মাওয়ালী ও জেলেদেরও চিকিৎসার জন্য একটি ভ্রাম্যমাণ নৌ-হাসপাতাল স্থাপনের পরিকল্পনা ছিল। কিন্তু দীর্ঘদিনেও এই পরিকল্পনার ব্যাপারে কোন বাস্তব পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
সারা সুন্দরবনে বন বিভাগে সাতটি নতুন খননকৃত পুকুরসহ সর্বমোট ১২টি পুকুর রয়েছে। বন কর্মচারিরা জানান, খাবার পানির জন্য প্রতিটি টহল ফাঁড়িতে কমপক্ষে একটি করে পুকুর প্রয়োজন।
সুন্দরবন বন বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি টহল ফাঁড়িতে কমপক্ষে একটি মাঝারি ধরনের পুকুর খনন করা প্রয়োজন। এর থেকে শুধু বন কর্মচারিরাই নয়, বনে কর্মরত সকল পেশাজীবীসহ বন্যপ্রাণীরাও খাবার পানি পাবে।
সুন্দরবন বন বিভাগ সূত্র জানায়, দূর্গম পাহাড়ি এলাকায় যে সকল কর্মকর্তা-কর্মচারিরা দায়িত্ব পালন করে তাদেরকে বেতন-ভাতা ছাড়াও পাহাড়ি ভাতা নামে একটি ভাতা প্রদান করা হয়ে থাকে। কিন্তু দূর্গম সুন্দরবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের এ ধরনের কোন ভাতা দেওয়া হয় না।
বন কর্মকর্তা-কর্মচারিরা অভিযোগে জানায়, দীর্ঘদিন ধরে তারা এ ভাতা প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত সরকার এ দাবির প্রতি দৃষ্টি দেয়নি।
অভিজ্ঞমহল মনে করেন, সুন্দরবন সংরক্ষণ ও ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে নিশ্চিত করতে হলে পাহাড়ি ভাতার ন্যায় সুন্দরবন ভাতা নামে একটি ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করা জরুরি।
