ফেনীতে স্বর্ণভর্তি লোহার সিন্দুকসহ ১৮ ডাকাত গ্রেপ্তার
ডাকাতি করে পালানোর সময় ফেনীর দাগনভূঁঞায় স্বর্ণ ও টাকাভর্তি লোহার সিন্দুকসহ পুলিশ ১৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত তিনটার দিকে ২০/২৫ জনের একদল সশস্ত্র ডাকাত লাকসাম উপজেলার মনোহরগঞ্জ থানার নাথেপেটুয়া বাজারের স্বর্ণের দোকানে ডাকাতি করে। কিন্তু সিন্দুকের তালা খুলতে না পেরে তারা এটি ট্রাকে (রাঙামাটি-ট-৬৫২০) তুলে পালিয়ে যায়। এসময় লোকজন জড়ো হয়ে চৎকার শুরু করলে পুলিশ বিষয়টি বুঝতে পেরে ডাকাত দলকে তাড়া করে। ডাকাতরা সোনাইমুড়ি, বেগমগঞ্জ ও সেনবাগ থানা পুলিশও তাদের ধাওয়া করে। এসময় ডাকাত দল ছত্রভঙ্গ হয়ে পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের গজারিয়া, ওমরাবাদ, বৈঠার পাড়া, কাজীর পুল এলাকার বিভিন্ন স্থানে আশ্রয় নেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হাই মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামবাসী ডাকাতদের ঘিরে ফেলে।
পরে ভোর পাঁচটার দিকে দাগনভূঁঞা থানার দারোগা মঞ্জুর, সোনাইমুড়ি থানার দারোগা রঞ্জিত ও বেগমগঞ্জ থানার দারোগা মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশ ডাকাতদের গ্রেপ্তার এবং সিন্দুকটি উদ্ধার করে।
