নেতৃবৃন্দের নিরাপত্তায় বাংলাদেশে সার্ক দেশগুলোর বিশেষ বাহিনী
আগামী ১২ ও ১৩ নভেম্বর সার্ক শীর্ষ সম্মেলন কালীন নিজ দেশের নেতৃবৃন্দের নিরাপত্তার জন্যে প্রায় সব সার্ক দেশ ঢাকায় বিশেষ বাহিনী পাঠিয়েছে।
মঙ্গলবার নয়াদিল্লি থেকে ২৪ সদস্যের বিশেষ নিরাপত্তা টিম ঢাকায় পৌঁছেছে। ভারতীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যেই তারা বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থার সঙ্গে আলাপ করেছে। মনমোহন সিং শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছবেন।
এছাড়াও ভারতীয় বিশেষ প্রতিরক্ষা গ্রুপের (এসপিজি) ঊধ্বর্তন কর্মকর্তারা বাংলাদেশের ঊধ্বর্তন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং বাংলাদেশে সক্রিয় বিভিন্ন চরমপন্থী গ্রুপ সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন।
অন্যদিকে সম্মেলন চলাকালে যে তিনদিন মনমোহন সিং বাংলাদেশে অবস্থান করবেন, সে সময়ে তার ব্যবহারের জন্যে একটি বুলেটপ্রুফ জীপ ও নিরাপত্তার স্বার্থে অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে ১২ সদস্যের অপর একটি দল বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছবে।
পাকিস্তান, শ্রীলংকা, ভুটান এবং নেপালও নিজেদের নেতৃবৃন্দের নিরাপত্তার স্বার্থে বিশেষ নিরাপত্তা টিম পাঠিয়েছে। এলটিটিই গেরিলাদের হিট লিস্টে থাকা শ্রীলংকার প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গার জন্যে থাকবে কড়া নিরাপত্তা।
সরকার ইতোমধ্যেই জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর এলাকায় সাধারণের চলাচলে বিধি-নিষেধের কথা ঘোষনা করেছে এবং বিভিন্ন স্কুল-কলেজ বন্ধ হয়ে গেছে। অন্যদিকে অনেক অনেক দূতাবাসই তাদের ভিসা সেকশন বন্ধ করে দিয়েছে।
নগরীর সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থায় প্রায় ৪০ হাজার নিরাপত্তা কর্মী নিয়োজিত রয়েছে। এছাড়াও হেলিকপ্টার ও স্পীড বোট নিয়ে নিরাপত্তা কর্মীরা নগরীর আকাশ ও আশে পাশের জলপথে টহল দিচ্ছে।
