বরিশালে বিমানের ফ্লাইট বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, ঘেরাও
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বরিশাল ফ্লাইট বন্ধের প্রতিবাদে সর্বস্তরের জনতা বুধবার সকালে জেলার বিমানের স্থানীয় অফিস ঘেরাও, বিক্ষোভ মিছিল ও পথসভা করে।
‘উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির ব্যানারে’ পথসভায় কমিটির পক্ষ থেকে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ২০ নভেম্বর মানববন্ধন ও ২৭ নভেম্বর বরিশাল অচল করে দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।
এরআগে বিক্ষোভকারিরা মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা অবস্থান ধর্মঘট করে কেন্দ্রীয় কারাগার সংলগ্ন বিমান অফিসের সামনে। সেখানে তারা আয়োজন করে পথসভার।
একই সময় বিক্ষুব্ধ জনতা বিমান অফিসের ভেতর কর্মকর্তা ও কর্মচারিদের তালা বন্ধ করে অবরূদ্ধ করে রাখে।
পথসভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক গোলাম মাওলা। বক্তব্য রাখেন সদস্য সচিব অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর মনিরুজ্জামান, নাগরিক পরিষদের ডা. মিজানুর রহমান প্রমুখ।
বিমান কর্তৃপক্ষ ব্যয় সংকোচন করতে গিয়ে ঢাকা-বরিশাল রুটের অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ রুটে সপ্তাহে একদিন (বৃহস্পতিবার) একটি মাত্র ফ্লাইট চলতো।
