২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ৫ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) এর একটি বিশেষ দল সোমবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে পাঁচজন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

আটককৃতরা হচ্ছে লালচাঁদ, আবু হাসান, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম ও আমিরুজ্জামান টিয়া।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের নানা কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততার অভিযোগ পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার ভোরে জেএমবি সদস্যদের গ্রেপ্তার করা হলেও র‌্যাব ও সংশ্লিষ্ট থানা পুলিশসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি গোপন রাখতে জোর তৎপরতা চালান।

একাধিক সূত্র থেকে সাংবাদিকরা এ বিষয়ে পরস্পর বিরোধী তথ্য পায়। চাঁপাইনবাবগঞ্জের অধিকাংশ সাংবাদিক প্রাথমিকভাবে জানতে পারেন, এ পাঁচজনকে অপহরণ করা হয়েছিল। একারণে ওই পাঁচজন সম্পর্কে মঙ্গলবার বিভিন্ন সংবাদ মাধ্যমে অপহরণের সংবাদ প্রকাশিত হয়।

এদিকে মঙ্গলবার সকালে র‌্যাব রাজশাহী সদর দপ্তর থেকে জানানো হয়, আটককৃতদের জেএমবি’র সদস্য হিসেবেই আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তথ্য জানার উদ্দেশ্যে এবং অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্যই বিষয়টি গোপন করা হয়।

আটককৃতদের মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হবে হবে বলে জানা গেছে।