২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক নিরাপত্তা: ঢাকার আকাশ ও জলপথেও তীক্ষ্ম নজরদারি

আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনের বিভিন্ন ভেন্যু ও নেতৃবৃন্দের চলাচলের রাস্তা ছাড়াও রাজধানীর চারপাশের জলপথ ও আকাশ পথকে আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীর তীক্ষ্ম নজরদারিতে আনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2005, 07:09 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

র‌্যাব, কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা নগরীর চারপাশের নদীপথে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

মঙ্গলবার সকালে পূর্ব সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সশস্ত্র র‌্যাব ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদস্যদের নিয়ে আটটি হেলিকপ্টার চীন-বাংলাদেশ সম্মেলন কেন্দ্রের ওপরে এবং রাজধানীর আকাশে মহড়া দেয়।

সূত্র জানায়, সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত অত্যাধুনিক অস্ত্র ও অন্যান্য যন্ত্রপাতি নিয়ে আকাশে তাদের নজরদারি অব্যাহত রাখবে।

অন্যদিকে, র‌্যাব, কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ ও বালুনদীতে টহল দেওয়া শুরু করেছে। নদীতে তারা বেশ কয়েকটি চেকপোস্টও স্থাপন করেছে।

বিডিনিউজ-এর সঙ্গে আলাপকালে র‌্যাবের মহাপরিচালক আব্দুল আজিজ সরকার বলেন, রাজধানী ছাড়াও র‌্যাব সদস্যরা আকাশ ও নদী পথও তাদের নজরদারির আওতায় এনেছে। আকাশপথে তারা মহড়া দিচ্ছে এবং নদীতে তল্লাশি চালাচ্ছে।

তিনি বলেন, আটটি হেলিকপ্টারে করে অত্যাধুনিক ভারী অস্ত্র ও বায়নোকুলার নিয়ে র‌্যাব সদস্যরা আকাশে টহল দিচ্ছে।

আব্দুল আজিজ আরও বলেন, তারা ইতোমধ্যে সম্মেলনের ভেন্যুর ওপরকার আকাশ ও অন্যান্য স্থান তল্লাশি করেছে। আশ পাশের নদীগুলোর ওপরও তাদের সতর্ক দৃষ্টি রয়েছে। সম্মেলন চলাকালে নগরীর ভেতর ও বাইরে সতর্ক দৃষ্টি রাখার জন্যে তিন হাজার র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিরাপত্তা আয়োজন ছাড়াও নির্বিঘ্ন ট্রাফিক চলাচলের জন্যে ২০০ ট্রাফিক পুলিশকে ঢাকায় আনা হয়েছে।

সম্মেলনের পাঁচ দিন আগে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী বাহিনী ও নিরাপত্তা সংস্থাসমূহের ৪০ হাজার সদস্য মোতায়েনের মাধ্যমে সোমবার সকালে রাজধানীতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

৩০ হাজার পুলিশ ছাড়াও আধা সামরিক বাহিনী বাংলাদেশ রাইফেলস, আনসার, কোস্ট গার্ড, এলিট স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), র‌্যাব ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ১০ হাজার সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে।

অন্যদিকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কয়েক হাজার সাদা পোশাকধারী গোয়েন্দাও মাঠে নেমেছে। ২৪ ঘন্টা নজরদারির লক্ষ্যে সম্মেলনের ভেন্যুগুলোর আশ পাশের উঁচু ভবনগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপন করা হয়েছে।

রাজধানীর বাইরে থেকে আনা ২০ হাজার পুলিশ কর্মকর্তা পুরাতন বিমানবন্দর, মিরপুরের দাঙ্গা পুলিশ ঘাঁটি, মিরপুরের পুলিশ স্টাফ কলেজে ক্যাম্প স্থাপন কবেছে। প্রতিটি ঘাঁটিতে চার হাজার নিরাপত্তা কর্মী থাকবে। বাকিরা অবস্থান করবে রাজারবাগ পুলিশ লাইনে।

সোমবার সকাল থেকেই এসএসএফ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। সদস্য দেশগুলোর নেতৃবৃন্দের আগমন উপলক্ষে সেখানে লাল গালিচা বিছানো হবে।

এছাড়াও বিমান বন্দরের বাইরে ও ভেতরে র‌্যাব ও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিমানবন্দরে এখন চলছে ‘ইয়েলোএলার্ট’। নেতৃবৃন্দ দেশে পৌঁছার পর এবং দেশ ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত থাকবে ‘অরেঞ্জ এলার্ট’।

নেতৃবৃন্দের অবস্থান ও বৈঠক অনুষ্ঠানের ভেন্যুসমূহ-যেমন হোটেল শেরাটন ও সোনারগাঁও, চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্র এবং রাষ্ট্রীয় অতিথিশালার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও ক্রসিংয়ে নিরাপত্তা সদস্য নিয়োজিত রয়েছে।

নগরীর প্রবেশ পথসহ বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা সদস্যরা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও যন্ত্রপাতি নিয়ে যানবাহন ও যাত্রীদের তল্লাশি করছে।

চলতি বছরের জানুয়ারিতে প্রথম সার্ক সম্মেলনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইতোমধ্যে তা দু’বার পিছিয়ে গেছে। ইতোপূর্বে একবার সুনামির কারণে এবং পরে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকায় ভারত সম্মেলনে যোগ দিতে রাজি না হওয়ায় পরপর দু’বার সম্মেলন বাতিল হয়ে যায়।

প্রতিনিধিবৃন্দের অবস্থান ও বৈঠক মিলিয়ে আটটি ভেন্যু বিশেষ নজরে রাখা হবে। ভেন্যুর এক কিলোমিটার এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে।