২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সামনে মুখ না খুলতে মঙ্গাপীড়িতদের হুমকি দেওয়ার অভিযোগ

বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে নীলফামারী জেলাজুড়ে ক্ষমতাসীন বিএনপির মধ্যে তোলপাড় শুরু হয়েছে। শেখ হাসিনার সফর প্রতিহত করার প্রকাশ্য ঘোষণা না দিলেও তার এই আগমণকে কেন্দ্র করে দু’দিন ধরে বিএনপি’র পক্ষ থেকে মিছিল-মিটিং হচ্ছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2005, 07:08 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

মঙ্গলবার সকালে ছাত্রদল জেলা শহরে এবং উপজেলা বিএনপি সন্ধায় কচুকাটায় মিছিল সমাবেশ করেছে।

এছাড়াও জেলা বিএনপি বুধবার সকালে জেলা শহরে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠানের ডাক দিয়েছে।

এছাড়াও আওয়ামী লীগ সভানেত্রী নীলফামারী এসে মঙ্গাপীড়িত যে সমস্ত গ্রামে যেতে পারেন সেই সমস্ত গ্রামে গিয়ে বিএনপি নেতারা অভাবী মানুষকে তার সামনে মুখ না খোলার জন্য হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন গ্রামবাসী জানান, অভাবপীড়িত যে সমস্ত গ্রামের মানুষের দুর্দশার কথা পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে গত দু’তিন দিন ধরে বিএনপি নেতারা সেই সব গ্রামে গিয়ে লোকজনকে শেখ হাসিনার সামনে মুখ না খোলার হুমকি দিয়েছেন।

তবে এ অবিযোগ অস্বীকার করেন বিএনপি নেতারা। জেলা যুবদলের সদস্য সচীব মীর সেলিম ফারুক বলেছেন, এ ধরণের খবর তার জানা নেই। তিনি বলেন, এই অঞ্চলের মঙ্গা নিয়ে বিবিসিতে ড. কামাল ও সুরঞ্জিত সেনগুপ্তের মিথ্যাচারের প্রতিবাদে আমরা মিছিল-মিটিং করছি।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর এমপি বলেন, এটা নতুন কিছু নয়। বিএনপি-জামায়াত জোট সরকার এভাবেই অসহায় মানুষের দুর্দশার কথা গোপন করতে চায়।