বিমানের ৫টি ফ্লাইট কাটছাঁট
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের পাঁচটি ফ্লাইট কাটছাঁট করছে।
বিমান সূত্র জানায়, হজ্ব ফ্লাইটের কারণে উড়োজাহাজের প্রয়োজন পড়ায় বিমান পুরো ডিসেম্বর মাস জুড়ে ঢাকা-নিউইয়র্ক রুটে সপ্তাহে দু'টি ফ্লাইটের (শুক্র ও সোমবার) জায়গায় শুক্রবার একটি মাত্র ফ্লাইট চালাবে। এরই মধ্যে এ রুটে ডিসেম্বর মাসের সমস্ত টিকিট বুকিং বাতিল করা হয়েছে।
অন্যদিকে ব্যয় সংকোচনের নীতি থেকে বিমান কর্তৃপক্ষ ঢাকা-বরিশাল রুটের অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ করে দিচ্ছে। এ রুটে সপ্তাহে একদিন (বৃহস্পতিবার) একটি মাত্র ফ্লাইট চলতো।
একইভাবে বিমান কর্তৃপক্ষ ঢাকা-সৈয়দপুর রুটে তিনটি ফ্লাইট বন্ধ করে দিচ্ছে।
এখন থেকে সপ্তাহে সাত দিনের পরিবর্তে রবি, সোম, বুধ ও বৃহষ্পতিবার-এই চারদিন চারটি ফ্লাইট চালু থাকবে। মঙ্গলবার থেকে বরিশাল ও সৈয়দপুর রুটের ফ্লাইট কাটছাঁট করা হচ্ছে।
বিমানের উড়োজাহাজ বহরে এখন পাঁচটি ডিসি-১০, চারটি এয়ারবাস এবং তিনটি এফ-২৮ উড়োজাহাজ রয়েছে। বিশ্বের তিনটি মহাদেশের ২৬টি আন্তর্জাতিক এবং সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে বিমান যাত্রী পরিবহন করে।
