ঢাবি’র চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় আগামী ১৫ নভেম্বর ‘নবান্ন উৎসব’
জাতীয় নবান্নোৎসব উদ্যাপন পর্ষদ’র আয়োজনে ১৫ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় ‘নবান্ন উৎসব ১৪১২’ উদ্যাপিত হবে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দেশের ছয়টি বৃহত্তর অঞ্চল থেকে আসা ছয়জন কৃষক কিষানী সমন্বয়ে কবি শামসুর রাহমান। সূর্যোদয়ের পরপরই উৎসব শুরু হয়ে চলবে রাত দশটা পর্যন্ত।
সাড়ম্বরে নবান্ন উৎসব ১৪১২ উদ্যাপনের লক্ষ্যে ওই দিন নাচ, গান, পিঠা-পায়েশ, মুড়ি-মুড়কি, শিশু-কিশোর উন্মুক্ত চিত্রাঙ্কন ও প্রদর্শনী, জারীগান, সরীগান, বাউল-গান, বাঁশী, ঢাক-ঢোল বাদন, নবান্ন শোভাযাত্রা, নবান্ন কথন ও দিনভর আড্ডা’র আয়োজন করা হয়েছে ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উৎসব উপলক্ষে সুদৃশ্য পোষ্টার, সংকলন ও শুভেচ্ছা কার্ড প্রকাশিত হচ্ছে।
