বিভিন্ন সীমান্তে উত্তেজনা, ১ বাংলাদেশীকে হত্যা ও ৪ জনকে অপহরণ করেছে বিএসএফ
বেনাপোল সীমান্তে আবারও গুলি করে এক বাংলাদেশীকে হত্যা করেছে বিএসএফ। এদিকে কুড়িগ্রাম এবং শেরপুর সীমান্ত থেকে চার বাংলাদেশীকে অপহরণ করে নিয়ে গেছে তারা। এ নিয়ে বিভিন্ন সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বেনাপোল সীমান্তে রোববার বিএসএফ সদস্যরা বিনা উষ্কানিতে গুলি চালিয়ে গুলি করে ছাহার আলী (৩০) নামে এক কৃষককে হত্যা করে। ছাহার আলী শার্শা থানার রুদ্রপুর গ্রামের মৃত ইয়াছির মন্ডলের পুত্র।
গ্রামবাসীরা জানায়, রোববার সন্ধ্যায় কাশারি রুদ্রপুর সীমান্তের জিরো লাইনের কাছাকাছি ধান ক্ষেতে কাজ করার সময় ভারতের তেতুলবাউয়া ক্যাম্পের বিএসএফের একটি টহল দল আকস্মিক গুলি করলে ঘটনাস্থলেই ছাহার নিহত হন। বিএসএফ সদস্যরা এ সময় নিহত কৃষকের লাশ টেনে হিচড়ে নিয়ে যায়। এদিকে গত তিনদিনেও বিএসএফ এখানে নিহত অপর বাংলাদেশী শামছুর রহমানের লাশ ফেরত দেয়নি। এ নিয়ে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
এদিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের সীমান্তবর্তী গোমরা এলাকা থেকে রোববার সকাল সাড়ে দশটার দিকে বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে দুই যুবককে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃতরা হচ্ছে, ঝিনাইদহ উপজেলার ভালুকা গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র শফিকুল ইসলাম মিন্টু (২৩) এবং রামের কুড়া গ্রামেরন মুল্লক আলীর পুত্র উকিল উদ্দিন (২৩)। এ নিয়ে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
কুড়িগ্রামে বিএসএফ’র গুলি বর্ষন এবং বাংলাদেশী দু’জন নাগরিককে অপহরণের ঘটনায় কুড়িগ্রাম জেলার সীমান্ত জুড়ে উত্তেজনা বিরাজ করছে। রোববার বিকেলে চুলিয়ারচর গ্রামের এরশাদুল (২৩) ও মোস্তফা (২২) ধান কাটতে গেলে ১০৬৮ আর্ন্তজাতিক পিলারের কাছ থেকে বিএসএফ তাদের অপহরণ করে নিয়ে যায়।
উভয় দেশের সীমান্তরক্ষীরা শক্তিবৃদ্ধি এবং টহল জোরদার করেছে।
এর আগে শনিবার বিকেলে রাজিবপুর উপজেলার ১০৭৭ আন্তর্জাতিক পিলারের কাছ দিয়ে ভারতের বলদানগিরি বিওপির বিএসফ সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে গ্রামবাসীদের উপর ২৫ রাউন্ড গুলিবর্ষন করে। এতে জাফর (২০) এবং আল আমিন (২১) গুলিবিদ্ধ হয়। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
