২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সম্মেলন: নগরীতে অরেঞ্জ অ্যালার্ট ৪০,০০০ নিরাপত্তা কর্মী মোতায়েন

ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনের পাঁচ দিন আগে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী বাহিনী ও নিরাপত্তা সংস্থাসমূহের ৪০ হাজার সদস্য মোতায়েনের মাধ্যমে সোমবার রাজধানীতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2005, 07:10 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

৩০ হাজার পুলিশ ছাড়াও আধা সামরিক বাহিনী বাংলাদেশ রাইফেলস, আনসার, কোস্ট গার্ড, এলিট স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), র‌্যাব ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ১০ হাজার সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে।

অন্যদিকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কয়েক হাজার সাদা পোশাকধারী গোয়েন্দাও মাঠে নেমেছে। ২৪ ঘন্টা নজরদারির লক্ষ্যে সম্মেলনের ভেন্যুগুলোর আশ পাশের উঁচু ভবনগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপন করা হয়েছে।

সোমবার সকাল থেকেই এসএসএফ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। সদস্য দেশগুলোর নেতৃবৃন্দের আগমন উপলক্ষে সেখানে লাল গালিচা বিছানো হবে।

এছাড়াও বিমান বন্দরের বাইরে ও ভিতরে র‌্যাব সদস্য ও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যানবাহন চলাচলের ওপরে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিমানবন্দরে এখন চলছে ‘ইয়েলোএলার্ট’। নেতৃবৃন্দ দেশে পৌঁছার পর এবং দেশ ছেড়ে যাওয়ার পূর্ব পর্যন্ত থাকবে ‘অরেঞ্জ এলার্ট’।

নেতৃবৃন্দের অবস্থানের ও বৈঠক অনুষ্ঠানের ভেন্যুসমূহ যেমন হোটেল শেরাটন ও সোনারগাঁও, চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্র ও রাষ্ট্রীয় অতিথিশালার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও ক্রসিংয়ে নিরাপত্তা সদস্যরা নিয়োজিত রয়েছে।

নগরীর প্রবেশ পথসহ বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা সদস্যরা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও যন্ত্রপাতি নিয়ে যানবাহন ও যাত্রীদের তল্লাশি করছে। অন্যদিকে বুড়িগঙ্গা নদীতে র‌্যাব ও কোস্ট গার্ড বিভিন্ন নৌ পরিবহনেও তল্লাশি করছে।

নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণকালে ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার এসএম মিজানুর রহমান বিডিনিউজকে বলেন, নিরাপত্তা কর্মী মোতায়েনের কাজ সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ নগরী এখন আমাদের নিয়ন্ত্রণে।

বিডিনিউজ-এর সঙ্গে আলাপকালে আইজিপি আব্দুল কাইউম বলেন, গোটা নগরী নিশ্ছিদ্র নিরাপত্তার চাদর ঢেকে দেওয়া হয়েছে। স্বাধীনতার পর এটাই দেশের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

চলতি বছরের জানুয়ারিতে প্রথম সার্ক সম্মেলনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইতোমধ্যে তা দু’বার পিছিয়ে গেছে। ইতোপূর্বে একবার সুনামির কারণে এবং পরে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকায় ভারত সম্মেলনে যোগ দিতে রাজি না হওয়ায় পরপর দু’বার সম্মেলন বাতিল হয়ে যায়।

রাজধানীর বাইরে থেকে আনা ২০ হাজার পুলিশ কর্মকর্তারা পুরাতন বিমানবন্দর, মিরপুরের দাঙ্গা পুলিশ ঘাঁটি, মিরপুরের পুলিশ স্টাফ কলেজ ক্যাম্প করবে। প্রতিটি ঘাঁটিতে চার হাজার নিরাপত্তা কর্মী থাকবে। বাকিরা অবস্থান করবে রাজারবাগ পুলিশ লাইনে।

নিরাপত্তা সূত্র জানায়, নভেম্বরের ১০ তারিখ থেকে নগরীতে রেড অ্যালার্ট জারি করা হবে। সোমবার থেকে অরেঞ্জ অ্যালার্ট শুরু হয়েছে। নভেম্বরের ১১ তারিখ সার্কের অন্য ছয়টি সদস্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা বাংলাদেশে পৌঁছবেন।

প্রতিনিধিবৃন্দের অবস্থান ও বৈঠক মিলিয়ে আটটি ভেন্যু বিশেষ নজরে রাখা হবে। ভেন্যুর এক কিলোমিটার এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা নজর থাকবে।