২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গার কবলে কুড়িগ্রামের ছিটমহলবাসী

সরকারি কোন সাহায্য না পেয়ে ভয়াবহ মঙ্গার কবলে পড়েছে কুড়িগ্রাম জেলার ১৮টি ছিটমহলের প্রায় অর্ধ লাখ মানুষ।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2005, 10:53 AM

Updated : 26 Apr 2022, 06:16 PM

সীমান্ত আইনের জটিলতার কারণে এরা ভারত বা বাংলাদেশ কোন সরকারেরই সহায়তা পাচ্ছে না। কার্তিকের মঙ্গায় এরা খাদ্য এবং কাজের অভাবে কাহিল হয়ে পড়েছে।

ছিটমহলবাসীর ভোটাধিকার না থাকায় তারা ভিজিডি, ভিজিএফ এবং রেশন কার্ডের ত্রাণ সামগ্রী থেকেও বঞ্চিত হচ্ছে। এর ফলে অখাদ্য কুখাদ্য খাওয়ার কারণে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে তারা আক্রান্ত হচ্ছে।

এদিকে বিএসএফ’র কড়া প্রহরার কারণে তারা ত্রাণ সামগ্রীর জন্য বাংলাদেশের ভূখণ্ডে আসতে পারছে না।

ছিটমহলের আব্দুল জলিল (৪০), দারুল (৩৫), শাহীদা (৪৫), ইসহাক (৫০) এবং আবুল হক (৪৮) বিডিনিউজের কাছে অভিযোগে জানান, আমাদের ভোট দেওয়ার ক্ষমতা নেই বিধায় আমাদের কোন অধিকারও নেই।

অন্যদিকে ভূরুঙ্গামারীর ছিটমহল দক্ষিণ মশালডাঙ্গা বাংলাদেশ সীমান্তের মাত্র ৮৪ হাত দূরে অবস্থিত হলেও এ এলাকার মানুষ সরকারি সাহায্য থেকে বঞ্চিত।

ছিট করলা থেকে পালিয়ে আসা সৈয়দ আলী (৪৫), মতিয়ার (৩৩), হোসেন (৫৬), সোহরাব (৬০) এবং আব্দুর রশীদ (৫৫) বিডিনিউজকে জানান, তারা রাতের আঁধারে জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে এসেছে মূল ভূখণ্ডে শুধুমাত্র ক্ষুধার যন্ত্রণা লাঘবের জন্য এবং ত্রাণ সামগ্রী পাওয়ার আশায়।

তারা জানান, এ ছিটমহলে ছয় হাজার মানুষের বাস। অভাবের তাড়নায় কৃষকেরা হালের বলদ ভারতীয় মহাজনদের কাছে বন্ধক রেখে ক্ষুধা জ্বালা মেটাবার চেষ্টা করছে।

কর্মহীন দিন মজুররা থালা, বাটি, হাঁড়ি, হাঁস-মুরগী গাছসহ শেষ সম্বলগুলো নামমাত্র মূল্যে বিক্রি করে কোন রকমে বাচাঁর চেষ্টা করছে।

তারা আরও জানান, অভাবের তাড়নায় কচু-ঘেচুসহ অস্বাস্থ্যকর খাদ্য খেয়ে তারা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

স্থানীয়রা অভিযোগে জানান, জরুরি অবস্থাতেও তারা কোন চিকিৎসা সেবা পায় না।

ফুলবাড়ী উপজেলাধীন ছিটমহল ছিট করলাবাসী জানান, তারা সবাই কৃষির উপর নির্ভরশীল এবং এ কাজ করেই তারা কোন মতে জীবিকা নির্বাহ করছে।

তারা জানান, ভিজিএফ, ভিজিডি এবং রেশন কার্ডের কথা তারা শুধু শুনেছেন তবে তা চোখে দেখার সৌভাগ্য তাদের হয়নি।

ছিটের বাসিন্দা আবিয়া (৪৫) বলেন, আমরা বাংলাদেশের নাগরিক হলেও সরকারের কাছ থেকে কোন প্রকার সুযোগ-সুবিধা পাই না।

পাথরডুবির ইউপি চেয়ারম্যান আজিজুল হক বিডিনিউজকে বলেন, চাহিদা মত বরাদ্দ না পাওয়ায় মূল ভূখণ্ডের মানুষের চাহিদাই পূরণ করতে পারছি না। ছিটমহলবাসীর চাহিদা মেটাব কি করে ?

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান জানান, ছিটমহলবাসীর প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি থাকলেও আইনগত জটিলতার কারণে কিছুই করার নেই।