হাসিনার ওপর গ্রেনেড হামলা: আরো ৪ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে সিআইডি
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগে শুক্র ও শনিবার সিআইডি পুলিশ চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে ওই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা ২১-এ দাঁড়ালো।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে: শফিক, আবুল হাসেম ওরফে রানা, নূর আলম ওরফে নুরু ওরফে রনি এবং তাদের আশ্রয়দাতা শাহ আলম।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের ভূইগড় এবং রাজধানীর মহাখালি এলাকার টিবি হাসপাতাল গেট এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত চার জনকে পরে সাত দিনের রিমান্ডে নিয়ে আসা হয়।
এদের মধ্যে শফিক ও শাহ আলমের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার সাথে জড়িত থাকার কথা এর আগে গ্রেপ্তারকৃত আসামি জর্জ মিয়া আদালতে স্বীকার করেছে।
সিআইডি পুলিশ জানায়, গ্রেনেড হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত জর্জ মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার গভীর রাতে শফিক ও রানাকে রূপগঞ্জের মইকুলি এলাকার শাহ আলমের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের আশ্রয়দাতা ও সহযোগী শাহ আলমকেও গ্রেপ্তার করা হয়।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মহাখালির টিবি গেট এলাকা থেকে তাদের অপর সহযোগী নূরু ওরফে রনিকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি পুলিশ তার কাছে থেকে জার্মানির তৈরি পয়েন্ট ৩২ বোরের দু’টি রিভলবার ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করে। পুলিশ আসামিদের কাছে থেকে দু’টি মোবাইল ফোন ও একটি জাল পাসপোর্টও উদ্ধার করেছে।
আসামি শফিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, খায়রুল ইসলাম নামে করা ওই পাসপোর্টটি ব্যবহার করে সে ৯ থেকে ২৮ অক্টোবর ভারত ভ্রমণ এবং সেখানে গ্রেনেড হামলার অন্যতম নায়ক জয়, মুকুল ও রবিনদের সাথে দেখা করে।
পুলিশ জানায়, নূরু ও শফিক ২০০৩ সালের ২১ নভেম্বর মহাখালি হাসপাতালের ভেতর রহমত হত্যা মামলার চার্জশিটভুক্ত এবং কুড়িলে একে-৪৭ রাইফেল ও গ্রেনেড উদ্ধারসহ অনেক মামলার আসামি।
গত বছর ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনাকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গ্রেনেড হামলা চালায়। এতে শেখ হাসিনা কানে শব্দজনিত মারাত্মক আঘাতপ্রাপ্ত এবং বেগম আইভি রহমানসহ দলের ২৪ জন নেতা-কর্মী নিহত হন।
