নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত
নওগাঁর মহাদেবপুর উপজেলার লিচু তলায় রোববার সকাল ১০টার দিকে দ্রুতগামী বিআরটিসি বাসের (নং ঢাকা মেট্রো-চ-৭৩৭৮) চাকায় পিষ্ঠ হয়ে একই পরিবারের তিনজনসহ আটজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
দুর্ঘটনায় নিহতরা হল-মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের রিক্সা ভ্যান চালক বাবু (২৮), তার ছেলে শরিফুল (৪) ও মেয়ে সুমি (৬), ভ্যানের যাত্রী একই গ্রামের মোকছেদ আলীর ছেলে মিলন (২৬), অপর একটি ভ্যানের যাত্রী একই গ্রামের সুরেন ওরাও এর ছেলে রাম ওরাও (২৮), কানাই ওরাও এর ছেলে সিধু ওরাও (৩২) এবং মহাদেবপুর উপজেলার কলোনীপাড়া গ্রামের মফিজউদ্দিনের ছেলে মোটর সাইকেল আরোহী সেনাবাহিনীর হাবিলদার আব্দুল মজিদ (৪০) এবং আব্দুল মজিদের শিশুপুত্র শুভ (১১)।
নিহতদের মধ্যে ঘটনাস্থলেই সাতজন এবং ভ্যানচালক বাবুকে রাজশাহী নেয়ার পথে মারা যায়।এ সময় মারাত্মকভাবে আহত হয়েছে শরিফা (২৫) নামের একজন মহিলা।
তাকে আশংকজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শরিফা ভ্যানচালক বাবুর স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাজশাহী থেকে সাপাহারগামী ওই বিআরটিসি বাসটি উল্লেখিত স্থানে বেপরোয়া গতিতে এসে দুইটি রিক্সা ভ্যান এবং একটি মোটর সাইকেলকে চাপা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি মামলা হয়েছে।
