বান্দরবান থেকে মর্টার শেল ও বোমা উদ্ধার
পার্বত্য জেলা বান্দরবানের থানচি উপজেলার বাংলাদেশ-মায়ানমার সীমান্ত থেকে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর সদস্যরা শুক্রবার ভোরে ৫৯টি তাজা মর্টার শেল ও দুটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে।
বিডিআর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মঈনের নেতৃত্বে বলিপাড়ার ৩৭ নং ব্যাটেলিয়নের বিডিআর জওয়ানরা সীমান্তের ৭৭ নং পিলার এলাকায় অভিযান চালিয়ে দুর্গম পাহাড়ের মাটি খুঁড়ে এসব শেল ও বোমা উদ্ধার করে।
উদ্ধারকৃত গোলাবারুদের মধ্যে ৫৭টি তিন ইঞ্চি মর্টার শেল, দুইটি দুই ইঞ্চি মর্টার শেল, একটি রকেট লাঞ্চার বোমা (আরএলবোমা) এবং নতুন ধরনের আরও একটি বোমা রয়েছে।
এর আগে বুধবার ভোরে থানচি উপজেলার বলিপাড়া থেকে দুইটি তিন ইঞ্চি মর্টার শেল এবং রোয়াংছড়ি এলাকা থেকে ১৪ রাউণ্ড গুলিসহ দুইটি দেশি বন্দুক উদ্ধার করা হয়।
