১৩৫০ ডলারে হজ্ব ফ্লাইট চালানোর প্রস্তাব মন্ত্রিসভায় নাকচ
মন্ত্রিসভা বিদেশি এয়ারলাইন্সগুলোর হজ্ব ফ্লাইটের জনপ্রতি ভাড়া এক হাজার ৩ শ’ ৫০ মার্কিন ডলার ধার্য্য করার প্রস্তাব নাকচ করে দিয়েছে।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভাসূত্র জানায়, এতে বিমান নির্ধারিত ব্যালটি হাজীদের ভাড়া ৯ শ’ ৫০ ডলার রাখারই সিদ্ধান্ত হয়। কিন্তু এর আগে বিদেশি এয়ারলাইন্সগুলো নন-ব্যালটি হাজীদের জন্য জনপ্রতি ভাড়া এক হাজার ৩ শ’ ৫০ ডলার করার যে প্রস্তাব দিয়েছিলো, মন্ত্রিসভা সে প্রস্তাব নাকচ করে দিয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এ অবস্থায় হজ্ব ফ্লাইট নিয়ে জটিলতার সম্ভাবনা থেকেই গেলো। অধিকাংশের পক্ষেই চড়া ভাড়া দিয়ে হজ্ব আদায় করতে যাওয়া সম্ভব হবে না। এ অবস্থায় মধ্যপ্রাচ্যগামী বিদেশি এয়ারলাইন্সগুলো তাদের নিজ নিজ ভাড়াতেই হজ্ব ফ্লাইট চালাবে।
অন্যদিকে সিভিল এভিয়েশন সূত্র জানায়, উড়োজাহাজ স্বল্পতার পরেও হজ্ব ফ্লাইটের জন্য উড়োজাহাজ ভাড়া না নেওয়ায় বিমানকে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট কাটছাঁট করতে হবে। ৯ শ’ ৫০ ডলারে হজ্ব ফ্লাইট চালানোয় বিমানকে প্রতি ফ্লাইটে প্রায় ৭৩ লাখ টাকা ভর্তূকি দিতে হবে। নন-ব্যালটিদের হজ্ব আদায়ে বাড়তি ভাড়া পড়বে ৪শ’ থেকে ৫শ’ ডলার। বিদেশি এয়ারলাইন্সগুলো এরই মধ্যে সরকারকে জানিয়ে দিয়েছে জেট ফুয়েলের দাম দফায় দফায় বাড়ায় হৃাসকৃত মূল্যে হজ্ব ফ্লাইট চালানো তাদের পক্ষে সম্ভব নয়। আগে ব্যারেল প্রতি জেট ফুয়েলের দাম ছিলো ২৬ ডলার, যা বর্তমারে বেড়ে ৫৬ ডলারে দাঁড়িয়েছে।
সূত্র জানায়, ধর্ম মন্ত্রণালয় এবার ৬০ হাজার ব্যালটি, নন-ব্যালটি হাজী টার্গেট করলেও শেষ পর্যন্ত তিন/চার হাজার ব্যালটি এবং বিদেশি এয়ারলাইন্সে সর্বোচ্চ ১৪ হাজার নন-ব্যালটি হাজী হজ্ব আদায় করতে যেতে পারবেন।
