শরীয়তপুরে অগ্নিকান্ডে ৩০ কোটি টাকার মালামাল ভস্মিভূত
শরীয়তপুর জেলার আংগারিয়া বন্দরের পাইকারি মার্কেট ও কাপড় পট্টিতে বুধবার সকালে অগ্নিকান্ডে ৩০ কোটি টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানায়, বুধবার সকালে বৈদ্যুতিক শট সার্কিট থেকে প্রথমে সিরাজ কমিশনারের পাটের গুদামে আগুন ধরে। মুহূর্তের মধ্যেই তা আশেপাশের বাসাবাড়ি ও কাপড়পট্টিতে ছড়িয়ে পড়ে। এ সময়ে কাপড়সহ দোকানে রাখা নগদ টাকাও পুড়ে ভস্মিভূত হয়ে যায়। ধারণা করা হচ্ছে এতে ব্যবসায়ীদের প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পরে শরীয়তপুর ও মাদারীপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা ছয় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে পথচারিরা আগুনের ভয়ে ছুটাছুটি করতে থাকে। এ সময়ে ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে শাহজাহান ড্রাইভার (৩২), মনাই তালুকদার (৪০), নুরুল আলম তালুকদার (৫০), অরুণ কর্মকার (৪০), বাবু লাল কর্মকার (৪৫), ইদ্রিস (৩৫), আবুল কালাম (৫০), সলোমন ফকির (৪০), গিয়াস উদ্দিন আহম্মেদের (৩৫) অবস্থা গুরুতর। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
