রাজশাহীতে কুরিয়ার সার্ভিসের পার্সেল থেকে ২ কেজি বিস্ফোরক উদ্ধার
রাজশাহীতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো একটি খেলনা রিকশার আসনের ভেতর থেকে পুলিশ বুধবার দুই কেজি বিস্ফোরক ও জামা’আতুল মুজাহিদীন, বাংলাদেশের কিছু লিফলেট উদ্ধার করেছে।
এসময় পুলিশ কুরিয়ার সার্ভিসের ওই অফিসের ম্যানেজার নাজমুল হোসেন ও অপর দুই কর্মচারিকে আটক করে।
নগরীর কুমারপাড়ায় অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে সকাল ১১টার দিকে ঢাকা থেকে আসা মহানগর পুলিশের গায়েন্দা বিভাগের (ডিবি) একটি বিশেষ দল এ বিস্ফোরক উদ্ধার করে।
পুলিশ জানায়, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সিলেট শাখা থেকে ২৯ সেপ্টেম্বর শিশুদের একটি খেলনা রিকশা পার্সেল করা হয়। এতে প্রাপক হিসেবে রায়হান বিন সোবহান নামে রাজশাহীর এক ব্যক্তির নাম লেখা ছিল। প্রেরকের নাম লেখা রয়েছে হাবিব বিন মাহবুব।
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনারের (ডিবি) নেতৃত্বে একটি বিশেষ দল বুধবার রাজশাহীতে এসে ওই পার্সেলের প্যাকেট খুলে আধা কেজি অ্যামোনিয়া, আধা কেজি সালফার ও এক কেজি হোয়াইট পাউডার উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত বিস্ফোরক দিয়ে প্রায় ৫০টি বোমা বানানো সম্ভব।
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে দাবি করা হয়, পার্সেলটি অফিস থেকে প্রাপকের ডেলিভারি নেয়ার কথা ছিল।
উদ্ধারকৃত বিস্ফোরক ও লিফলেট এবং আটক তিন ব্যক্তিকে নিয়ে দুপুরেই ঢাকা ডিবি অফিসের উদ্দেশে রওয়ানা দিয়েছে বিশেষ দলটি।
