সার্ক সম্মেলনকে সামনে রেখে নিরাপত্তাকর্মীদের মহড়া
আসন্ন সার্ক সম্মেলনকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে বিভিন্ন নিরাপত্তাবাহিনী রাজধানীজুড়ে মহড়া দিতে শুরু করেছে। এছাড়াও রাজধানীতে ১০ নভেম্বর থেকে রেড অ্যালার্ট এবং ৭ নভেম্বর থেকে অরেঞ্জ অ্যালার্ট জারি থাকবে।
সূত্র জানায়, মঙ্গলবার বিভিন্ন গোয়েন্দা বিভাগের সদস্যরা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এবং কয়েকটি ভিআইপি সড়কে নিরাপত্তা মহড়া দেয়।
সূত্র আরও জানায়, মঙ্গলবার র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) এবং অন্যান্য সংস্থার সদস্যরা জিয়া বিমানবন্দর ও সম্মেলন উপলক্ষে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচলের সড়কে প্রতীকী মহড়ায় অংশ নেয়। নিরাপত্তাকর্মীরা সড়কে বাঁশি বাজিয়ে প্যারেড করেন এবং পথচারীদের রাস্তায় হাঁটাচলা থেকে বিরত রাখেন।
এদিকে জিয়া বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)’র হাতে দেওয়া হয়েছে।
সিভিল অ্যাভিয়েশন সূত্র জানিয়েছে, সার্ক সম্মেলন চলাকালে পুরো বিমানবন্দরজুড়ে অরেঞ্জ অ্যালার্ট কার্যকর করা হবে এবং সম্মেলনের আগের দিন পর্যন্ত ইয়েলো অ্যালার্ট বজায় থাকবে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে শনিবারের বোমা বিস্ফোরণের কারণে সরকার সম্মেলন কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া সম্মেলন চলাকালে ভিভিআইপিদের আবাসস্থল এবং তাদের চলাচলের এলাকাগুলোতেও একই ধরনের ব্যবস্থা নেয়া হবে।
সম্মেলনের সময় বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বলয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও মোতায়েন থাকবে নিরাপত্তাবাহিনী।
একটি সূত্র জানায়, এ নিরাপত্তা বলয় গড়ে তুলতে ২০ থেকে ২২ হাজার পুলিশ সদস্য প্রয়োজন। ঈদ উপলক্ষে বর্তমানে রাজধানীতে ৯ থেকে ১০ হাজার পুলিশ সদস্য কাজ করছে। বাড়তি পুলিশ সদস্য রাজধানীর বাইরে থেকে নিয়ে আসা হবে।
এছাড়া বিভিন্ন নিরাপত্তা সংস্থাকে বিভিন্ন হোটেল, গেস্টহাউস এবং বস্তিগুলোতে ব্লকরেইডের নির্দেশ দেওয়া হয়েছে। মহাসড়ক, নদীপথ এবং সীমান্ত এলাকাগুলোতে চলবে কড়া নজরদারী।
র্যাবের মহাপরিচালক আব্দুল আজিজ সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে জানান, র্যাব কিছু বিশেষ দায়িত্ব পালন করবে, ফলে অপরাধীরা কোনও সমস্যা তৈরি করতে পারবে না।
তিনি জানান, সরকারের দিকনির্দেশনা অনুযায়ী র্যাব সার্ক সম্মেলনকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে।
