নেত্রকোনার হাওর অঞ্চলে বন্দুকযুদ্ধ, আহত ২৫ জন
নেত্রকোনা জেলার হাওর অঞ্চলে মঙ্গলবার দুই পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ ৯ জনকে খালিয়াজুরী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা বর্তমানে আশংকাজনক।
জেলার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের হারাকান্দী গ্রামে জমি সংক্রান্ত্র বিরোধের জের ধরে বীরেন্দ্র বিশ্বাস ও খলিল মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার বিকালে সশস্ত্র উভয় পক্ষের মধ্যে ১০ রাউন্ড গুলি বিনিময় ঘটে।
গুরুতর আহতরা হলেন হেলিম মিয়া (৩৫), রাকিব (৩০), মোর্শেদ (৫৫), হিমা আক্তার (১২), মল্লিক (২৪), কিরণ মিয়া (৩৩), ফজলু মিয়া (২৫), কাইয়ুম (৩৫) এবং সেলিম (২৬)।
এ ব্যাপারে পুলিশ সুপার আলী হোসেন ফকির জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
