রংপুরে মঙ্গাকবলিতদের ত্রাণ আত্মসাতের অভিযোগ
রংপুরের গঙ্গাছড়া উপজেলার প্রত্যন্ত চর এলাকার মঙ্গাকবলিতদের জন্য বরাদ্দ সরকারি ত্রাণ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় লোকজনের অভিযোগ, ভিজিএফ এবং ভিজিডি’র মাধ্যমে যে পরিমাণ ত্রাণ সহযোগিতা দেওয়া হয়েছে তা মঙ্গা কবলিত ক্ষুধার্ত মানুষের চাহিদার তুলনায় খুবই কম। সেই অল্প ত্রাণের অধিকাংশই আবার স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের পেটে চলে যাওয়ায় অবস্থা আরও খারাপ হয়েছে বলে স্থানীয় লোকজন জানান।
স্থানীয় ইউনিয়ন পরিষদের কয়েকজন প্রতিনিধি এবং উপজেলা কর্মকর্তারা তাদের সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করে বলেছে, মঙ্গাকবলিত জনগণের জন্য সরকারি ত্রাণের পরিমাণ মোটেও পর্যাপ্ত ছিল না।
সরেজমিনে দেখা যায়, মরনিয়া ইউনিয়নের আলেমার বাজারে ত্রাণ চুরির অভিযোগে বিক্ষুব্ধ লোকজন চেয়ারম্যানের বিরুদ্ধে মিছিল করছে।
মরনিয়া ইউনিয়নের মহিলা মেম্বার পিঞ্জিরা বেগম তার নির্বাচনী এলাকা ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের কিছু ভিজিএফ কার্ড গঙ্গাছড়া ইউনিয়নের চেয়ারম্যানের সামনেই তার কাছ থেকে তাদের চেয়ারম্যান কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেন।
তিনি বলেন, বরাদ্দ দেওয়া ত্রাণ সরিয়ে ফেলার জন্য চেয়ারম্যানসহ অন্যান্য পুরুষ মেম্বাররা তার কাছ থেকে ভিজিএফ ও ভিজিডি কার্ড কেড়ে নেয়।
পিঞ্জিরা বেগম জানান, এ ব্যাপারে ডিসি এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রীর কাছে অভিযোগ করায় পুরুষ মেম্বাররা তাকে মারধর করে।
তিনি ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ করে বলেন, গঙ্গাছড়ার চেয়ারম্যান ও মেম্বারদের পরামর্শে চলেছেন ইউএনও। ভিজিএফ ও ভিজিডি কার্ড নিয়ে অনিয়ম সত্ত্বেও তিনি কোনও পদক্ষেপ নেননি।
অভিযুক্ত চেয়ারম্যান শামসুল ইসলাম এবং ছোট রূপাইয়ের জবেদ আলী মেম্বারসহ আরও কয়েকজন মেম্বার পিঞ্জিরা বেগমের এসব অভিযোগ অস্বীকার করেন।
শামসুল ইসলাম বিডিনিউজকে বলেন, আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। তিনি জানান, সাড়ে পাঁচ হাজার লোকের জন্য তিনি মাত্র দুই হাজার একশ’ ভিজিএফ এবং দুইশ ৩৯ টি ভিজিডি কার্ড পেয়েছেন।
গঙ্গছড়া উপজেলার ইউএনও সিদ্দিকুর রহমান বলেন, ত্রাণ বিতরণে কিছু কিছু ক্ষেত্রে গাফিলতি হয়েছে, তবে এ ব্যাপারে কেউ তার কাছে কোনও অভিযোগ করেননি।
বিডিনিউজ প্রতিবেদকরা মরনিয়া ইউনিয়নের চর আলাল, চর কামদেব ও ছোট্ট রূপাই এবং পার্শ্ববর্তী গজঘণ্ট ইউনিয়নে গিয়ে দেখেন, স্থানীয় জনগণের অধিকাংশই একবেলা কোনও রকম খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। এদের মধ্যে অনেকেই সেহরিতে শুধু পানি খেয়ে রোজা রেখেছেন।
ছোট্ট রূপাই গ্রামের মমতাজ খাতুন (৬২) নাতিকে নিয়ে একটি গাছের নিচে বসেছিলেন। সাত বছর আগে তিস্তার ভাঙনে জমিজমা ও বাড়িভিটা সব ভেসে গেছে মমতাজ বেগমের। মমতাজ সাত বছর আগের সেই ধূসর স্মৃতি হাঁতড়ে বলেন, এক সময় আমাদের পারিবারিক অবস্থা ভালোই ছিল। যে জমিজমা ছিল তাতেই বেশ চলে যেত। চারটা গরু ছিল। দোকানও ছিল একটা। আর এখন কপাল দোষে রাস্তার পাশের এ ভাঙা ঘরে থাকি।
মমতাজের মতো অনেকেই বন্যা ও নদী ভাঙনের ফলে জমিজমা ও ঘরবাড়ি হারিয়েছে। তারা এখন অন্যের জমিতে মজুরি করে জীবিকার যোগাড় করে।
বছরের এ সময়টাতে তারা পরের জমিতে মজুরি করে পেটের ভাত যোগাড় করার মতো অবস্থাও নেই।
