২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া, ফরিদপুর ও শেরপুরে ক্রসফায়ার, নিহত ৩

কুষ্টিয়া, ফরিদপুর ও শেরপুরে পুলিশ ও র‌্যাবের ক্রসফায়ারে তিনজন নিহত হয়েছে। কুষ্টিয়ায় পুলিশের ক্রসফায়ারে চরমপন্থী সদস্য, ফরিদপুরে র‌্যাবের ক্রসফায়ারে সন্ত্রাসী ও শেরপুরে পুলিশের ক্রসফায়ারে ডাকাত সর্দার নিহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 10:15 AM

Updated : 26 Apr 2022, 06:15 PM

বিডিনিউজ কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের সাইফুন ব্রিজের কাছে রোববার রাতে পুলিশের ক্রসফায়ারে তালিকাভুক্ত চরমপন্থী সংগঠন জনযুদ্ধের ক্যাডার মাজেদ (৩১) নিহত হয়েছে।

পুলিশ জানায়, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশ চরমপন্থী ক্যাডার মাজেদকে তার নিজ গ্রাম আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া থেকে গ্রেপ্তার করে।

মাজেদ পুলিশের জিজ্ঞাসাবাদে তার সহযোগী ও অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়।

তার দেওয়া তথ্য মোতাবেক পুলিশের একটি দল তাকে নিয়ে রাত দেড়টার দিকে অভিযানে বের হয়। রাত ২টার দিকে তারা সাইফুন ব্রিজের কাছে পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।

পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে প্রায় আধা ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধ চলে।

এ সময় মাজেদ পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়।

অবস্থা বেগতিক দেখে চরমপন্থীরা পালিয়ে যায়।

পুলিশ গুলিবিদ্ধ মাজেদকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি শার্টার গানসহ বেশ কয়েক রাউণ্ড বন্দুকের গুলি উদ্ধার করেছে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

বিডিনিউজ ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরে সোমবার ভোরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-এর ক্রসফায়ারে বিশ্বজিৎ বিশ্বাস নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, ঢাকার মৌচাক মার্কেট এলাকা থেকে বিশ্বজিৎকে শনিবার র‌্যাব-৪ এর একটি দল গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর র‌্যাব-৮ এর কাছে তাকে হস্তান্তর করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে সে তার অস্ত্র ভাণ্ডার ও সহযোগীদের সম্পর্কে তথ্য দেয়। তার দেওয়া তথ্য মোতাবেক সোমবার ভোর ৪টার দিকে র‌্যাবের একটি দল তাকে নিয়ে অভিযানে বের হয়।

র‌্যাবের দলটি ফরিদপুর সদর উপজেলার মুন্সীবাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র‌্যাবের ওপর গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময়ের একপর্যায়ে ক্রসফায়ারে বিশ্বজিৎ নিহত হয়।

ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা একটি পাকিস্তানি বন্দুক, জাপানের তৈরি একটি রিভলবার, একটি পাইপগান ও বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ১০ রাউন্ড গুলি উদ্ধার করে।

নিহত বিশ্বজিৎ এর বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলা ছিল।

বিডিনিউজ শেরপুর প্রতিনিধি জানান, জেলার নালিতাবাড়ী উপজেলার গাহেকপাড়া এলাকায় সোমবার ভোরে পুলিশের ক্রসফায়ারে ডাকাত সর্দার বদর উদ্দিন নিহত হয়।

পুলিশ জানায়, ডাকাত সর্দার বদরকে পুলিশ শনিবার রাত সাড়ে ৯টার দিকে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের পাহাড়ী পল্লী কালাকুমা থেকে দেশে তৈরি বন্দুক, ছয় রাউণ্ড গুলি, নগদ ১৮ হাজার পাঁচশ’ টাকা, একটি মোবাইল সেট এবং ১০০ সিসির একটি মোটর সাইকেলসহ বিডিআর সদস্যরা আটক করে।

পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

সে পুলিশের কাছে তার সহযোগী ও অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়।

বদরের স্বীকারোক্তি মোতাবেক নালিতাবাড়ী থানা পুলিশ তাকে সাথে নিয়ে সোমবার ভোররাত সোয়া ৩টার দিকে ওই স্থানে অস্ত্র উদ্ধার এবং তার সহযোগীদের গ্রেপ্তার করতে যায়।

সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা বদরের ১৫/২০ জন সহযোগী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় বদর পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়।

পুলিশ তাকে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধের সময় সন্ত্রাসীদের গুলিতে পুলিশ কনস্টেবল মফিজুর রহমান (নং ২১৫) আহত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি চাপাতি, একটি রিভলভার, তিন রাউণ্ড গুলি এবং কিছু গুলির খোসা উদ্ধার করে।

নিহত ডাকাত সর্দার বদর উদ্দিনের বিরুদ্ধে হত্যাসহ প্রায় ১২টি মামলা রয়েছে।