সৌদি আরবে প্রধানমন্ত্রীর লাইলাতুল কদর উদযাপন, সোমবার দেশে ফিরছেন
সৌদি আরবে শনিবার লাইলাতুল কদর পালিত হয়েছে। সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবাদত বন্দেগীর মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন।
রোববার প্রধানমন্ত্রী যোহর নামাজ শেষে জেদ্দার উদ্দেশ্যে মক্কা ত্যাগ করেন। সোমবার সকালে ঢাকার উদ্দেশ্যে জেদ্দা ত্যাগ করবেন তিনি।
শনিবার প্রধানমন্ত্রী লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানদের সাথে পবিত্র মসজিদুল হারামে ইফতার করেন এবং আসর, মাগরিব, এশা ও তারাবির নামাজ জামাতে আদায় করেন।
প্রতি ওয়াক্ত নামাজ শেষে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।
তথ্য বিবরণীতে জানানো হয়, এ সময় প্রধানমন্ত্রীর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন, সংসদ সদস্য মোসাদ্দেক আলী, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম ইকরামুল হক(অবঃ) ও জেদ্দাস্থ কনস্যুলেট জেনারেল এর কনসাল জেনারেল আশরাফ উদ্দিন তাঁর সাথে ছিলেন।
প্রধানমন্ত্রী পবিত্র মসজিদুল হারামে অগনিত ধর্মপ্রাণ মুসলমানদের সাথে কিয়ামুল লাইলের নামাজে (গভীর রাতে বিশেষ নামাজ) অংশগ্রহণ করবেন এবং নামাজ শেষে লাইলাতুল কদর উপলক্ষে অনুষ্ঠিতব্য বিশেষ মোনাজাতে শরিক হবেন।
