চট্টগ্রাম বন্দর থেকে ভাসমান ডক অপসারণ, অবৈধ দখল ও দূষণের দায়ে একটি জাহাজকে জরিমানা
চট্টগাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) একটি অবৈধ দখল উচ্ছেদকারী দল রোববার বন্দরে অভিযান চালিয়ে একটি ভাসমান ডক অপসারণ এবং অন্য একটি অভ্যন্তরীণ কার্গো জাহাজকে কর্ণফুলী চ্যানেলে অবৈধ দখল ও পরিবেশ দূষণের দায়ে জরিমানা করেছে।
সিপিএ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে অবৈধ দখল উচ্ছেদকারী দলটি ডক ও জাহাজ মালিকদের কাছ থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেন। তাদের দীর্ঘদিন ধরে অবৈধ অবস্থানের কারণে বন্দরে পলি জমেছে এবং নদীর নাব্যতা নষ্ট হয়েছে।
দীর্ঘদিন ধরে কর্ণফুলীর তীর দখল করে নিয়ে সিপিএর প্রভাবশালী ঠিকাদার মেসার্স হাজি তাজ মোহাম্মদ ভাসমান ডকের মাধ্যমে আভ্যন্তরীণ কার্গো জাহাজ মেরামত করে আসছিল।
মাত্র ২৪ ঘণ্টার নোটিসে ওই ডকটি অপসারণ করানো হয় বলে সিপিএ সূত্র জানায়।
অবৈধ দখল উচ্ছেদকারী দলটি এমভি শান্তা মারিয়া নামের একটি জাহাজকেও অপসারণ করেছে। তীর থেকে দূরবর্তী অঞ্চলে ওই জাহাজটি গত চারমাস ধরে অবস্থান করছিল।
