চিড়িয়াখানায় জামাই আদরে কুমির
ঢাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষের বিশেষ নজরে এখন কুমিরগুলো। রীতিমতো জামাই আদরে আছে এরা।
নভেম্বরের পর অন্তত: ছয় মাস খাবার গ্রহণ করে না কুমির। তাই গোটা নভেম্বর জুড়ে বিশেষ আয়োজন থাকছে এদের জন্য। প্রতিদিন প্রতিটি কুমিরের জন্য এখন বরাদ্দ থাকছে তিন কেজি গরুর মাংশ আর আস্ত মুরগি। বাড়তি এই অতিথেয়তায় কুমিরগুলোও বেশ তুষ্ট।
বাংলাদেশে মিঠা পানির কুমির নিঃশেষ হয়ে গেছে অনেক আগেই। ভারত থেকে আনা ত্রিশটি কুমিরের ছয়টি রয়েছে ঢাকা চিড়িয়াখানায়। বাকিগুলো খান জাহান আলীর দীঘি ও দুলহাজরা সাফারি পার্কে।
ঢাকা চিড়িয়াখানার কিউরেটর ডা. মফিজুর রহমান বিডিনিউজকে বলেন, কুমিরগুলো নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে আগামী বছরের মে মাস পর্যন্ত কোন খাবার গ্রহণ করবে না। ভারত থেকে আনা মিঠা পানির কুমীরগুলো শীত শুরুর সঙ্গে সঙ্গে খাদ্য গ্রহণ বন্ধ করে দেবে। এ জন্যে এগুলো রেসকিউ সেন্টার থেকে বেশি পানির পুকুরে স্থানান্তর করা হবে।
ভারত থেকে জুন মাসে আনা ছয়টি কুমির চিড়িয়াখানার উত্তরাংশে ঘড়িয়ালের পুকুরের পাশে একটি জলাশয়ে বিশেষ যত্নে রাখা হয়েছে, যাতে এ দেশের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে এরা নিজেদের খাপ খাইয়ে নিতে পারে।
এখনও পর্যন্ত কুমিরগুলো সুস্থ আছে এবং এ পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পেরেছে।
কিউরেটর জানান, এখন আর কুমিরগুলোর কোন ঝুঁকি নেই। তিনি জানান, ঘড়িয়ালের পুকুরের এক পাশে কুমিরগুলো স্থানান্তর করা হবে। আরও পরে এগুলোকে ভিন্ন ভিন্ন শেডে নিয়ে যাওয়া হবে।
সূত্র জানায়, কুমিরগুলোকে এখন মাছ মাংশ খাওয়ানো হচ্ছে। নিয়মিত শারীরিক চেকআপ করা হচ্ছে। তবে এ পর্যন্ত কোন রোগ ধরা পড়েনি।
কিউরেটর জানান, কুমিরগুলো স্বভাবগতভাবেই শীত মৌসুমে খাদ্য গ্রহণ করে না। এ সময়ে তারা ডাঙ্গায় রোদ পোহাতে পছন্দ করে। আর এজন্যই তাদের জন্য একটি সুপরিসর জায়গার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন উৎসুক মানুষেরা ভিড় জমাচ্ছে বিপন্ন প্রজাতির এ কুমিরগুলো দেখার জন্য।
