চট্টগ্রামে গার্মেন্টসে অগ্নিকাণ্ড
রাতভর অগ্নিকাণ্ডে নগরীর আগ্রাবাদের একটি বহুতল গার্মেন্টস ফ্যাক্টরির প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগ্রবাদ মিস্ত্রীপাড়ার ইডেন গার্মেন্টস এর তিন তলা ভবনের প্রথম তলায় শনিবার রাত দশটায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খুব দ্রুত আগুন অন্যান্য তলায়ও ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দমকল বাহিনীর সাতটি গাড়ি ঘটনাস্থলে যায় এবং রাত ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে রোববার সকাল ৮টা ৩৫মিনিটে।
অগ্নিকাণ্ডে প্রচুর পরিমাণে জিনসের পোশাক, অন্যান্য ফেব্রিকস ও ইলেকট্রনিক্স মালামালসহ প্রায় এক কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।
