রাষ্ট্রদূত রেজাউল করিমের ইন্তেকাল
মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া’র পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এমএম রেজাউল করিম শনিবার কায়রোতে ইন্তেকাল করেছেন। ঢাকায় তার পারিবার সূত্র এ তথ্য জানিয়েছে।
মরহুম কুটনীতিকের আত্মীয় রউফ চৌধুরী বিডিনিউজকে বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাংলাদেশ সময় বিকাল চারটায় এবং মিশর সময় রাত একটায় তার মৃত্যু ঘটে।
চুক্তি ভিত্তিক নিয়োগে এ বছরের ২৩ সেপ্টেম্বর রেজাউল করিম রাষ্ট্রদূত হিসেবে কায়রো গমন করেন।
তিনি ১৯৩৫ সালে কুষ্টিায়ার মিরপুর থানার মির্জা নগর গ্রামে জন্ম গ্রহণ করেন।
রেজাউল করিম মুক্তিযুদ্ধের সময় লন্ডনে ভারপ্রাপ্ত হাই কমিশনার ছিলেন।
ঢাকায় নিযুক্ত মরহুমের সচিব রজব আলী জানান, মৃত্যুর সংবাদ পেয়ে তার ছেলে ও মেয়েরা কায়রোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
রেজাউল করিম বাংলাদেশের হাই কমিশনার এবং রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্র, শ্রীলংকা, চীন, সোভিয়েত ইউনিয়ন, ইরান ও ইরাকে দায়িত্ব পালন করেন।
তিনি জাতিসংঘ সাধারণ সভা, কমনওয়েলথ সরকার প্রধানদের সভা, জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন, ওআইসি বৈঠক, সার্ক শীর্ষ সম্মেলন সহ আন্তর্জাতিক ও জাতিসংঘের বেশ কিছু সম্মেলনে অংশ গ্রহণ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান), করাচি বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে পরিচালিত ফ্লিটচার স্কুল অব ল’ অ্যান্ড ডিপ্লোমেসি’তে এম ডিগ্রি লাভ করেন।
তিনি ইংরেজি, বাংলা এবং ফরাসি সহ একাধিক ভাষায় পারদর্শি ছিলেন। এছাড়াও তার হিন্দি, উর্দু, আরবি, ফার্সি এবং রাশিয়ান ভাষায়ও তার দখল ছিলো।
তিনি সংবাদপত্রে কলাম লেখা ছাড়াও তুলনামূলক রাজনৈতিক উন্নয়ন বিষয়ে গ্রন্থ রচনা করেন।
এছাড়াও তিনি বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।
