খুলনার দৌলতপুর থেকে ৩টি শক্তিশালী বোমা উদ্ধার
খুলনা মহানগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার একটি বস্তি থেকে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ তিনটি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করেছে।
দৌলতপুর এলাকায় এক সপ্তাহের ব্যাবধানে দু’টি বোমা হামলা ও একটি বোমা উদ্ধারের ঘটনা ঘটল।
পুলিশ জানায়, এলাকাবাসীর দেওয়া সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ মহেশ্বরপাশা সাহেব পাড়ার বস্তি থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় বোমা তিনটি উদ্ধার করে। এ সময় বোমাগুলোর পাশ থেকে চারটি খালি কৌটা, বোমা তৈরির বিস্ফোরক পাউডার, কাঁচের গুড়া ও লোহার গুড়া উদ্ধার করা হয়। বোমা কে বা কারা রেখে গেছে তা পুলিশ নিশ্চিত হতে পারেনি। তবে চরমপন্থী দলের সদস্যরা ওই এলাকায় বোমা বানাচ্ছিল বলে পুলিশের ধারনা। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
গত ২৩ অক্টোবর বোমা হামলায় বিএনপি নেতা মিজানুর রহমান বাবুল নিহত, ২৬ অক্টোবর একই থানার পাবলায় বোমা বিস্ফোরণ এবং শুক্রবার তিনটি বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
