২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের ক্রসফায়ারে মাদারীপুরে ইউপি চেয়ারম্যান ও পাবনায় সন্ত্রাসী নিহত

মাদারীপুর ও পাবনায় শুক্রবার ভোরে র‌্যাবের ক্রসফায়ারে দু’জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2005, 02:08 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

মাদারীপুরে খুন হয়েছেন রাজৈর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী শেখ ওরফে লেকু। অন্যদিকে পাবনায় খুন হয়েছে সন্ত্রাসী তৈয়ব আলী।

বিডিনিউজ মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুরে শুক্রবার ভোরে র‌্যাবের ক্রসফায়ারে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা লিয়াকত আলী শেখ ওরফে লেকু নিহত হন।

নিহত লিয়াকত রজৈর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

মাদারীপুরের ডিবি ও রাজৈর থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে নিহত লিয়াকতকে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে র‌্যাবের কার্যালয়ে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে তার অস্ত্র ও সহযোগীদের সম্পর্কে তথ্য দেয়। তার স্বীকারোক্তি মোতাবেক র‌্যাবের একটি দল নিহত লেকুকে নিয়ে অস্ত্র উদ্ধার ও সহযোগীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী এলাকার ঘোষকান্দিতে যায়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা লেকুর অস্ত্রধারী সহযোগীরা র‌্যাবের উপর গুলি বর্ষণ করে লেকুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যার পাল্টা গুলিবর্ষণ করে। উভয় পক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে ক্রসফায়ারে লেকু নিহত হয়।

এ সময় র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি কাটা বন্দুক, দু’টি পাইপ গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, নিহত লিয়াকতের বিরুদ্ধে মাদারীপুর ও ঢাকার বিভিন্ন থানায় ২১টি মামলা রয়েছে।

বিডিনিউজ পাবনা প্রতিনিধি জানান, পাবনায় র‌্যাবের ক্রসফায়ারে শুক্রবার ভোরে সন্ত্রাসী তৈয়ব আলী নিহত হয়। তার বিরুদ্ধে এক রাতে ১২জনকে জবাই করে হত্যার অভিযোগ রয়েছে। নিহত তৈয়ব পাবনার চাটমোহর উপজেলার খতবাড়ী গ্রামের আফাজউদ্দিনের ছেলে।

এছাড়া পুলিশ সূত্র জানায়, তার বিরুদ্ধে পাবনার বিভিন্ন থানায় তিনটি হত্যা মামলাসহ কমপক্ষে ১০টি মামলা রয়েছে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ পাবনা ক্যাম্পের সদস্যরা বুধবার চাটমোহর উপজেলার খতবাড়ী গ্রাম থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রাজশাহী র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও তার সহযোগীদের ধরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তার দেওয়া তথ্য মোতাবেক র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার রাতে তাকে নিয়ে পাবনার উদ্দেশ্যে রওয়ানা হয়। রাত দুটার দিকে চাটমোহর উপজেলার কায়েমকোলা ব্রিজের কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র‌্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়।

উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলাকালে সন্ত্রাসী তৈয়ব পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব ঘটনাস্থল হতে একটি শাটার গান, ছয় রাউন্ড গুলি এবং একটি হাসুয়া উদ্ধার করে।