পাবনায় র্যাবের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত
পাবনায় র্যাবের ক্রসফায়ারে শুক্রবার ভোরে সন্ত্রাসী তৈয়ব আলী নিহত হয়েছে।
তার বিরুদ্ধে এক রাতে ১২জনকে জবাই করে হত্যার অভিযোগ রয়েছে। নিহত তৈয়ব পাবনার চাটমোহর উপজেলার খতবাড়ী গ্রামের আফাজউদ্দিনের ছেলে।
এছাড়া পুলিশ সূত্র জানায়, তার বিরুদ্ধে পাবনার বিভিন্ন থানায় তিনটি হত্যা মামলাসহ কমপক্ষে ১০টি মামলা রয়েছে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ পাবনা ক্যাম্পের সদস্যরা বুধবার চাটমোহর উপজেলার খতবাড়ী গ্রাম থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রাজশাহী র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও তার সহযোগীদের ধরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তার দেওয়া তথ্য মোতাবেক র্যাব সদস্যরা বৃহস্পতিবার রাতে তাকে নিয়ে পাবনার উদ্দেশ্যে রওয়ানা হয়। রাত দুটার দিকে চাটমোহর উপজেলার কায়েমকোলা ব্রিজের কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়।
উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলাকালে সন্ত্রাসী তৈয়ব পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব ঘটনাস্থল হতে একটি শাটার গান, ছয় রাউন্ড গুলি এবং একটি হাসুয়া উদ্ধার করে।
