গোপালগঞ্জে ধৃত জঙ্গি আবু তালেবকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে বাগেরহাট পুলিশ
বাগেরহাটে ১৭ আগস্টের বোমা হামলায় অভিযুক্ত জেএমবি সদস্য আবু তালেবকে বাগেরহাট পুলিশ সাত দিনের রিমান্ডে নিয়েছে।
তাকে বৃহস্পতিবার বিশেষ পাহারায় গোপালগঞ্জ থেকে বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. সবুর হোসেন আবু তালেবকে জিজ্ঞাসাবাদের জন্যে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ বৃহস্পতিবার থেকেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
বাগেরহাটের পুলিশ সুপার এম মোস্তফা কামাল জানান, ইতোপূর্বে বাগেরহাটে ধৃত জেএমবি সদস্যদের জিজ্ঞাসাবাদ এবং আদালতে দেওয়া জবানবন্দিতে ১৭ আগস্ট বাগেরহাটে বোমা হামলাকারী হিসাবে আবু তালেবের নাম এসেছে। এজন্যে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ১৭ আগস্টের বোমা হামলার মামলায় বাগেরহাটে এ পর্যন্ত মোট ১২ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব ৬ এর সদস্যরা ১৭ অক্টোবর গোপালগঞ্জ থেকে আবু তালেবকে আটক করে গোপালগঞ্জ থানায় সোপর্দ করে। ধৃত আবু তালেবের বাড়ি বাগেরহাটের মোল্লাহাটে। গোপালগঞ্জ পুলিশ তাকে ১৭ আগস্টের বোমা হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে।
এদিকে পুলিশ সদর দফতর থেকে সিদ্দিকুর রহমান বাংলা ভাই ও শায়খ আব্দুর রহমানকে ধরিয়ে দেওয়ার জন্যে তাদের বিভিন্ন ছবি সম্বলিত দু’ধরনের দুই সহস্রাধিক পোস্টার বাগেরহাটে পাঠানো হয়েছে। বুধবার রাতে জেলার সর্বত্র এসব পোস্টার সাঁটা হয়েছে।
