উত্তরাঞ্চলে মঙ্গা পীড়িতদের মাঝে ত্রাণ বিতরণে আওয়ামী লীগের টিম
উত্তরাঞ্চলের মঙ্গা কবলিতদের মাছে ত্রাণ বিতরণের জন্য প্রধান বিরোধী দল আওয়ামী লীগের একটি রিলিফ টিম এখন রংপুরের পীরগঞ্জ উপজেলায় অবস্থান করছে।
টিমটি বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে চাল, ডাল, আটা, চিড়া, গুড়সহ ২২০ মন ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছে।
রংপুরের উদ্দেশে বুধবার রাতে এই রিলিফ টিম যাত্রা শুরুর প্রাক্কালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে পার্টির যুগ্ম মহাসচিব ওবায়দুুল কাদের মঙ্গা মোকাবেলায় পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় এবং মঙ্গা কবলিতদের মাঝে পর্যাপ্ত ত্রাণ বিতরণ না করায় সরকারের কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, সামান্য পরিমানে ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে। তাও আবার সরকারি দলের নেতাকর্মীরা ভাগভাগি করে নিচ্ছেন।
রিলিফ কমিটিতে আছেন, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা শেখ বজলুর রহমান, মুকুল চৌধুরী, কাজী মোস্তাক এলেন এবং এসএম মান্নান কচি।
এ বছর মঙ্গা কেবল বৃহত্তর রংপুরে নয়, ফরিদপুর, গোপালগঞ্জ ও জামালপুর জেলায়ও ছড়িয়ে পড়ে।
ত্রাণ ও পূনর্বাসন অধিদপ্তরের এক জরিপে দেখা যায়, এসব জেলায় অক্টোবরের মাঝামাঝি লোকজনের কাজ না থাকায় প্রায় ৪০ লাখ লোক চরম দারিদ্র্যের মধ্যে দিনাতিপাত করছে।
