প্রধান বিচারপতির নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পর্যাপ্ত গোয়েন্দা মোতায়েনের দাবিতে আইনজীবীরা
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা প্রধান বিচারপতির নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় প্রয়োজনীয় অস্ত্রশস্ত্রসহ সাদা পোশাকধারী পর্যাপ্ত গোয়েন্দা মোতায়েনের দাবি জানিয়েছেন।
প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন দেশের শীর্ষস্থানীয় বিচারালয়ের নিরাপত্তার ব্যাপারে মতামত জানার জন্য আইনজীবীদের আমন্ত্রণ জানালে তারা এ দাবি উত্থাপন করেন।
অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) সভাপতি অ্যাডভোকেট মেহবুবে আলমের নেতৃত্বে আইনজীবীরা বুধবার প্রধান বিচারপতির সাথে বিচারক লাউঞ্জে সাক্ষাৎ করে সুপ্রিম কোর্টের নিরপত্তার ব্যাপারে তাদের উদ্বেগ প্রকাশ করেন।
অ্যাডভোকেট মেহবুবে আলম প্রধান বিচারপতিকে বলেন, জঙ্গি সন্ত্রাসীদের এমনভাবে প্রশিক্ষিত ও অনুপ্রাণিত করা হয়েছে যে, তারা আর বোমা হামলাকে অপরাধ মনে করে না। তারা বোমা হামলার বিষয়টিকে নৈতিক দায়িত্ব ও কর্তব্যের বিষয় হিসেবে ভাবতে শুরু করেছে।
তিনি বিডিনিউজকে বলেন, জঙ্গি মৌলবাদীরা তাদের টার্গেট পূরণ করতে বিচারকদের ওপর হামলা চালাচ্ছে।
তিনি বলেন, প্রশিক্ষিত পেশাদার গোয়েন্দা মোতায়েন করা ছাড়া দেশের শীর্ষস্থানীয় বিচারালয়ের মূল ফটক বন্ধ করে আদালত, বিচারক, আইনজীবী, সাংবাদিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় না।
প্রধান বিচারপতি আইনজীবীদের বক্তব্য গভীর মনোযোগের সাথে শোনেন বলে সূত্র জানায়।
প্রধান বিচারপতির আমন্ত্রণে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ, সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক ও মাহমুদুল ইসলাম, অ্যাডভোকেট টিএইচ খান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ এমপি, ব্যারিস্টার এম. আমির-উল ইসলাম, সাবেক এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট ব্যারিস্টার মইনুল হোসেন, আব্দুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট ওজায়ের ফারুক, অ্যাডভোকেট আব্দুর রব চৌধুরী, এসসিবিএ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইনায়েতুর রহিম উপস্থিত ছিলেন।
আইনজীবীরা প্রধান বিচারপতির কাছে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার অফিস, ল’ কমিশন, বাংলাদেশ বার কাউন্সিল, বিচার বিভাগীয় প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং গণপূর্ত বিভাগসহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ব্যাপারে ১৯ অক্টোবরের বৈঠকে উত্থাপিত প্রস্তাবনা অনুমোদনের জন্য পেশ করেন।
সূত্র জানায়, নিরাপত্তার প্রয়োজনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও পার্শ্ববর্তী এলাকায় ক্লোজ সার্কিজ ক্যামেরা স্থাপনসহ প্রস্তাবনায় ১৮ দফা সুপারিশ রয়েছে।
