বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত, কয়েকটি নদীর পানি সামান্য বেড়েছে
সাম্প্রতিক একটানা বর্ষণের ফলে আকস্মিকভাবে দেশের নদ-নদীর পানি বেড়ে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে। প্রায় প্রতিটি নদীর পানিই কমতে শুরু করেছে।
তবে ঝিকরগাছায় কোবাদক নদীর পানি আরো ছয় সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখনও বিপদসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর বলেছে, দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি বৃহস্পতিবার সকালের মধ্যেই নিম্নচাপে রূপ নিতে পারে।
আবহাওয়াবিদ সানাউল হক বিডিনিউজকে জানান, নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে আবারো বৃষ্টি হতে পারে। তবে সেটি নির্ভর করবে, কোন দিক দিয়ে নিম্নচাপটি অতিক্রম করবে, তার ওপর।
তিনি জানান, লঘুচাপটি বর্তমানে সমুদ্র উপকূল থেকে প্রায় ১,২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি নিম্নচাপে রূপ নিয়ে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে ভারতের উড়িষ্যা এলাকার ওপর দিয়ে অতিক্রমের সম্ভাবনাই বেশি। তবে এতেও দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, দেশের কোথাও বৃষ্টিপাত না হওয়ায় দিনের তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুণ্ড এলাকায় ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এসময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে বন্যা তথ্য কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র অববাহিকার সব কটি, পদ্মা অববাহিকায় পাঙ্খা ছাড়া সব কটি নদ-নদীর পানি কমেছে। তবে মেঘনা এবং দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকায় কয়েকটিতে পানি বেড়েছে।
কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশের মোট ৮৬টি পর্যবেক্ষণ পয়েন্টের মধ্যে পানি কমেছে ৪৮টিতে, বেড়েছে ২৫টি, দুটিতে স্থিতিশীল রয়েছে এবং একটিতে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা তথ্য কেন্দ্র আরো জানায়, ব্রহ্মপুত্র অববাহিকার আরিচায় ১৬ সেন্টিমিটার এবং সিরাজগঞ্জে তিন সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। কুড়িগ্রামে ধরলার পানি বেড়েছে ১৯ সেন্টিমিটার। তিস্তার পানি কাউনিয়ায় এক সেন্টিমিটার এবং ডালিয়ায় তিস্তার পানি ২৩ সেন্টিমিটার বেড়েছে। পুরনো ব্রহ্মপুত্রের পানি জামালপুরে পাঁচ সেন্টিমিটার বেড়েছে।
পদ্মা-গঙ্গা অববাহিকার পাঙ্খায় পানিপ্রবাহ সামান্য বেড়েছে। গড়াই রেল ব্রিজ পয়েন্টে গড়াই নদীর পানি ১৪ সেন্টিমিটার বেড়েছে। একই সময়ে ঝিকরগাছায় কোবাদক নদীর পানি ছয় সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৪২ সেন্টিমিটার ওপরে চলে গেছে।
মেঘনা অববাহিকায় কানাইঘাটে সুরমা নদীর পানি ৪৮ সেন্টিমিটার, সিলেটে ৩৭ সেন্টিমিটার এবং সুনামগঞ্জে তিন সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। কুশিয়ারার পানি আমলসিরে ১৭ সেন্টিমিটার, শেওলায় ২৫ সেন্টিমিটার এবং শেরপুরে ১৪ সেন্টিমিটার বেড়েছে।
দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার প্রতিটি নদীর পানিই কমেছে।
