সার্ক সম্মেলন উপলক্ষে জিয়া’য় নিশ্ছিদ্র নিরাপত্তা: এসএসএফ মোতায়েন করা হচ্ছে
ঢাকায় ১২ও ১৩ নভেম্বর অনুষ্ঠেয় সার্ক সম্মেলন উপলক্ষে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে। সম্মেলন চলাকালে পুরো বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে সেনাবাহিনীর স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।
সিভিল এভিয়েশন সূত্র জানায়, সার্ক সম্মেলন চলাকালে জিয়া বিমানবন্দরে থাকছে ‘অরেঞ্জ অ্যালার্ট’। এরআগের কয়েকদিন সেখানে থাকবে তৃতীয় স্তরের নিরাপত্তা সতর্কতা ‘ইয়োলো অ্যালার্ট’। সম্মেলনের সময় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব থাকছে এসএসএফ।
জানা যায়, এসএসএফকে নিরাপত্তায় সহায়তা করবে সিভিল এভিয়েশনের নিরাপত্তাকর্মী এবং অতিরিক্ত পুলিশ ও আনসার বাহিনী। জিয়া বিমানবন্দরে অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে অবশ্য বিডিআর ও র্যাব মোতায়েন করার বিষয়ে এখনও চিন্তা-ভাবনা করা হয়নি।
এরই মধ্যে বিমানবন্দরে সক্রিয় ১৭টি সামরিক-বেসামরিক নিরাপত্তা সংস্থার সদস্যরা সার্ক সম্মেলনকে নির্বিঘ্ন করতে জিয়া বিমানবন্দরে নিরাপত্তার জন্যে কী কী প্রয়োজন, তা খতিয়ে দেখতে শুরু করেছেন।
জিয়া বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সিএসও) আজাদ জহিরুল ইসলাম বিডিনিউজকে বলেন, সার্ক সম্মেলন উপলক্ষে আমরা প্রধানত ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) সহায়তা চাইবো। সিভিল এভিয়েশনের নিরাপত্তাকর্মীর স্বল্পতার কারণে এ সহযোগিতা চাওয়া হবে।
সিএসও জানান, সার্ক সম্মেলনের নিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই সিভিল এভিয়েশন বিভিন্ন সংস্থার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে খুঁটিনাটি নানা বিষয় চূড়ান্ত করবে।
