ভারতে বন্যার আঁচ লেগেছে ঢাকার পেঁয়াজের বাজারে, প্রতি কেজি ৪৮ টাকা!
ভারতে বন্যার আঁচ লেগেছে ঢাকার পেঁয়াজের বাজারে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি পেঁয়াজের দাম ৩২ টাকা থেকে বেড়ে ৪৮ টাকায় দাঁড়িয়েছে। যা রোজা শুরুর আগেও প্রতিকেজি ছিল মাত্র ২৪ টাকা।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও ব্যবসায়ীরা বলছেন, চলতি বন্যায় ভারতে পেঁয়াজের উৎপাদন ব্যাহত ও মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশের বাজারে আকষ্মিকভাবে এই মূল্য বৃদ্ধি ঘটেছে।
ব্যবসায়ীদের আশংকা, আসন্ন ঈদের আগেই পেঁয়াজের দাম বর্তমান দামেরও দ্বিগুন হতে পারে! নতুন পেঁয়াজ ওঠার আগে কমপক্ষে এক মাস বাজারে চলতে পারে এ অবস্থা।
এদিকে বাজারে আকষ্মিকভাবে মূল্যবৃদ্ধি সত্বেও সরকারি বাজার নিয়ন্ত্রণকারি প্রতিষ্ঠান টিসিবি’র পক্ষ থেকে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রনের কোনো উদ্যোগ নেই।
মঙ্গলবার ঢাকার কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কিছুদিন আগেও যেখানে পাঁচ কেজি দেশী পেঁয়াজের দাম ছিলো ১৪০ থেকে ১৬০ টাকা, এখন একই পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকা দরে। আর প্রতিকেজির দাম এখন ৪৬ থেকে ৪৮ টাকা! ভারতীয় পেঁয়াজের দাম এখন প্রতি কেজি ৪২ থেকে ৪৪ টাকা। তবে বাজারে ভারতীয় পেঁয়াজের তুলনায় দেশী পেঁয়াজের সরবরাহ বেশী।
কারওয়ান বাজারের বিক্রেতা শাকিল ও ক্রেতা নিজামউদ্দিন আহমেদ জানান, গত সপ্তাহেও বাজারে দেশী পেঁয়াজের কেজি ছিলো মাত্র ২৮ থেকে ৩২ টাকা। রোজা শুরুর আগে দাম ছিলো মাত্র ২৪ টাকা কেজি। রমজানের প্রভাবে মাত্র এক সপ্তাহের ব্যবধানেই ২৪ টাকা থেকে দাম বেড়ে দাঁড়ায় ৩২ টাকায়।
তবে পাইকারি বাজারে এসব পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৪ টাকা (দেশী) এবং ৪২ টাকা (ভারতীয়) কেজি দরে।
ব্যবসায়ীরা জানান, প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ১৪ থেকে ১৫ ট্রাক পেঁয়াজ (প্রায় ১২০ টন) ঢাকায় আসে। তবে বর্তমানে এই সরবরাহ অর্ধেকে নেমে এসেছে। মজুদদাররা দেশী পেঁয়াজ মজুদ করে রাখায় দর কিছুতেই নামছে না।
টিসিবি’র মুখ্য কর্মকর্তা (বিক্রয় ও সরবরাহ) আব্দুর রব সিকদার বিডিনিউজকে জানান, দেশে বার্ষিক পেঁয়াজের চাহিদা প্রায় ১০ লাখ টন। প্রতি মাসে এ চাহিদা প্রায় ৬৬ হাজার মেট্রিক টন। এ চাহিদার ৩০ শতাংশ পূরণ করে ভারতীয় পেঁয়াজ।
তিনি জানান, টিসিবি রমজানের ২০ দিনে প্রায় ১০০ টন পেয়াজ বাজারে বিক্রি করেছে। তাই তাদেরও মজুদ কমে এসেছে। তবে এখনো পর্যাপ্ত মজুদ রয়েছে। আগামী কয়েক দিনের নতুন পেঁয়াজ বাজারে চলে আসবে। ওই সময় দেশের সংকট মেটানোর মতো মজুদ টিসিবির রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ভারতের কর্ণাটক, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, পশ্চিমবঙ্গ এবং মায়ানমার থেকে পেঁয়াজ আমদানি করা হয়। এ বছর অতি বর্ষণ ও বন্যার কারণে ওইসব এলাকাতেই পেঁয়াজের উৎপাদনে ধ্বস নেমেছে।
এ কারণে ভারতেই এখন পেঁয়াজের কেজিপ্রতি দর প্রায় ৪০ থেকে ৪৪ টাকা রূপী। ভারতও পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করে নিজেদের চাহিদা মেটাতে শুরু করেছে। এ অবস্থায় এখন আগের চেয়ে ভারত থেকে পেঁয়াজের আমদানি অর্ধেকে হ্রাস পেয়েছে।
টিসিবি, আমদানিকারক ও পাইকারি বিক্রেতারা জানান, দেশের উৎপাদিত পেঁয়াজের সরবরাহ ঘাটতির কারণে দামও বেশ চড়া।
