বৃষ্টি না হওয়ায় সারা দেশে বন্যা পরিস্থিতির উন্নতি
বৃষ্টি না হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির বেশ খানিকটা উন্নতি হয়েছে। দেশের পর্যবেক্ষণ পয়েন্টগুলোতে প্রায় প্রতিটি নদীর পানি কমেছে। তবে আবহাওয়া পরিস্থিতি আবারো খারাপ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার বলেছে, একটানা আটদিনের বৃষ্টির পর সোমবার থেকে বৃষ্টিপাত বন্ধ হলেও এখনও দেশের কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমী বায়ুর প্রভাব এখনও কেটে যায়নি। আরও দু’একদিন একই অবস্থা চলতে পারে।
এদিকে বন্যা তথ্য কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার দেশের বন্যা পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হয়েছে। দেশের নদ-নদীগুলোর বেশিরভাগ পয়েন্টেই পানি কমেছে। মোট ৮৬টি পর্যবেক্ষণ পয়েন্টের মধ্যে মাত্র ২৯টি পয়েন্টে পানি বেড়েছে। বাকীগুলোর মধ্যে ৪৬টিতে কমেছে এবং একটিতে স্থিতিশীল এবং একটি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা তথ্য কেন্দ্র সূত্র আরো জানায়, সোমবার থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত দেশের কোথাও কোনও বৃষ্টিপাত রেকর্ড হয়নি। ফলে বিভিন্ন স্থানে নদ-নদীর পানি নামতে শুরু করেছে।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ব্রহ্মপূত্র অববাহিকার নুনখাওয়ায় ১০ সেন্টিমিটার, চিলমারিতে চার সেন্টিমিটার, আরিচায় আট সেন্টিমিটার পানি কমেছে এবং বাহাদুরাবাদে ১৬ সেন্টিমিটার এবং সিরাজগঞ্জে ২১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
কুড়িগ্রামে ধরলা নদীতে ১২ সেন্টিমিটার, কাউনিয়ায় তিস্তার পানি ২৬ সেন্টিমিটার ও ডালিয়ায় তিস্তার পানি ৪৬ সেন্টিমিটার কমেছে। তবে পুরনো ব্রহ্মপুত্রের পানি ময়মনসিংহে চার সেন্টিমিটার, জামালপুরে পাঁচ সেন্টিমিটার এবং টঙ্গী খালে ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
পদ্মা-গঙ্গা অববাহিকায় পানিপ্রবাহ পাঙ্খায় ১২ সেন্টিমিটার, ভাগ্যকুলে চার সেন্টিমিটার, গোয়ালন্দে ছয় সেন্টিমিটার বৃদ্ধি এবং হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে দুই সেন্টিমিটার হ্রাস পেয়েছে। গড়াই রেল ব্রিজ পয়েন্টে গড়াই নদীর পানি এক সেন্টিমিটার ও কামারখালিতে ১০ সেন্টিমিটার এবং পঞ্চগড়ে করতোয়া নদীর পানি ১৯ সেন্টিমিটার কমেছে।
তবে ঝিকরগাছায় কোবাদক নদীর পানি আরো নয় সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মেঘনা অববাহিকায় কানাইঘাটে সুরমা নদীর পানি ১১০ সেন্টিমিটার, সিলেটে ৬৭ সেন্টিমিটার এবং সুনামগঞ্জে দুই সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। কুশিয়ারার পানি আমলসিরে ১৩৯ সেন্টিমিটার, শেওলায় ১২৫ সেন্টিমিটার এবং শেরপুরে ২৯ সেন্টিমিটার বেড়েছে।
ছাতলাঘাটে মনু নদীর পানি ৫৬ সেন্টিমিটার, মনু রেল ব্রিজের কাছে ৫৮ সেন্টিমিটার ও মৌলভীবাজারে ২০ সেন্টিমিটার কমেছে। খোয়াই নদীর পানি বল্লাহ’য় ৯৭ সেন্টিমিটার ও হবিগঞ্জে ৬০ সেন্টিমিটার কমেছে। দূর্গাপুরে সোমেশ্বরী নদীর পানি ২৭ সেন্টিমিটার ও ঝারিয়াজাঞ্জাইলে কংশ নদীর পানি ছয় সেন্টিমিটার কমেছে।
দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার পরশুরামে মুহুরী নদীর পানি ৮১ ও নারায়ণহাটে হালদা নদীর পানি ৪০ সেন্টিমিটার কমেছে। পঞ্চপুকুরিয়ায় সাত সেন্টিমিটার ও দোহাজারিতে সাঙ্গু নদীর পানি ৩৭ সেন্টিমিটার বেড়েছে। রামগড়ে ফেনী নদীর পানি ৯৯ সেন্টিমিটার কমেছে।
