২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে বন বিভাগের ২ কর্মকর্তার বিরুদ্ধে ভূমিহীনদের মামলা

ভূমিহীনদের নামে চিরস্থায়ী বন্দোবস্ত পাওয়া কৃষি জমিতে বন বিভাগ কর্তৃক অবৈধভাবে বৃক্ষ রোপণের অভিযোগে জেলা বন কর্মকর্তাসহ দু’জনের বিরুদ্ধে রাজবাড়ীর সহকারি জজ আদালতে মামলা হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 09:28 AM

Updated : 26 Apr 2022, 06:14 PM

ছয়জন ভূমিহীন সদস্য রোববার এ মামলা দায়ের করেন।

আদালত শুনানির জন্য ১০ নভেম্বর বিবাদীদের প্রতি সমন জারি করেছে।

মামলার বিবরণে জানা যায়, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চর কর্নেশন মৌশর ৯৭৮ একর খাস জমির মধ্যে ভূমিহীন আব্দুস সালাম বেপারী, সালেহা খাতুন, কাইমদ্দিন, আলেয়া বেগম, আশমত আলী, আব্দুল হাইসহ ১০ জন ভূমিহীন খাস জমির জন্য আবেদন করলে সরকার যাচাই-বাছাই করে এই ১০ ভূমিহীন পরিবারের প্রত্যেকের মধ্যে ৯৯ বছরের জন্য ১০ একর খাস জমি চিরস্থায়ী বন্দোবস্ত দেন। ভূমিহীনরা জমি পাওয়ার পর বিগত পাঁচ বছর চাষাবাদের মাধ্যমে ফসল উৎপাদন করে পরিবার পরিজন নিয়ে জীবন জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু ভুমিহীনরা জমি পাওয়ার পর থেকেই এলাকার কিছু ভূস্বামী ও ভুমিগ্রাসীদের গাত্রদাহ শুরু হয়। বিভিন্ন অপকৌশলে তারা ভূমিহীনদের নাজেহাল ও এই জমি থেকে উচ্ছেদের পায়তারা কারতে থাকে।

এরই মধ্যে বন বিভাগ ভূমিহীনদের নামে বন্দোবস্তকৃত জমিতে বনায়ন কর্মসূচি গ্রহণ করলে ভূমিগ্রাসী একটি মহল বন বিভাগের সাথে যোগসাজসে ওই সব জমিতে বনায়ন করার জন্য বন বিভাগকে উৎসাহিত করে। বন বিভাগও ভূমিহীনদের নামের ওই জমি কোন অধিগ্রহণ বা চুক্তি না করে অবৈধভাবে ১৬ অক্টোবর বনায়নের কার্যক্রম শুরু করে।

ভূমিহীনরা এ সময় বাধা দিলেও বন বিভাগ ওই বাধা নিষেধ উপেক্ষা করে বৃক্ষ রোপণ অব্যাহত রাখে। এরই মধ্যে ভূমিগ্রাসী একটি কুচক্রী মহলের চক্রান্তে কে বা কারা বন বিভাগের রোপণকৃত কিছু চারা জমি থেকে তুলে ফেললে বন বিভাগ গোয়ালন্দ থানায় ভূমিহীন এবং ভূমিহীনদের সংগঠন সমতার নামে ষড়যন্ত্রমূলক একটি মিথ্যা মামলা দায়ের করে।

এরই প্রেক্ষিতে ভুমিহীনরা ২৩ অক্টোবর আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত বিবাদীদের প্রতি সমন জরি করে।