২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বোমা হামলায় জড়িত সন্দেহে যুবক গ্রেপ্তার

দেশজুড়ে ১৭ আগস্ট বোমা হামলায় জড়িত সন্দেহে এক জেএমবি সদস্যকে সোমবার ফরিদপুর কোতোয়ালী পুলিশ গ্রেপ্তার করেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2005, 08:49 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

তার কাছ থেকে আফগানিস্তান ও চেচনিয়া যুদ্ধের সিডি এবং জঙ্গি তৎপরতা বিষয়ক পুস্তিকা ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

ইসলামী জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীনের সদস্য মিজানুর রহমান মুকুল ওরফে মোয়াবিয়াকে হামলার অন্যতম পরিকল্পনাকারী সন্দেহে বিকেলে কোতোয়ারী থানা পুলিশ শহরের দক্ষিণ ঝিলটুলি এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

মোয়াবিয়া ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল ওয়াদুদের বড় ছেলে।

পুলিশ জানায়, ১৭ আগস্ট বোমা হামলার অন্যতম পরিকল্পনাকারী মোয়াবিয়া ফরিদপুরে বোমা হামলার সমন্বয়কারী হিসেবে কাজ করেছে। ফরিদপুরে বিস্ফোরিত বোমাগুলো ঢাকা থেকে কুরিয়ারে ফরিদপুরে আসে। যে কার্টনে বোমাগুলো আনা হয়, পুলিশ তা মোয়াবিয়ার বাড়ি থেকে আটক করে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্না আলী জানান, অনেকদিন ধরেই তাকে খোঁজা হচ্ছে।

তার কাছ থেকে সারা দেশে বোমা হামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে তিনি ধারণা প্রকাশ করেন।

তবে মোয়াবিয়া নিজেকে নির্দোষ দাবি করেছে।