চট্টগ্রামে ১৭ আগস্টের বোমা হামলায় ৪টি মামলার চূড়ান্ত প্রতিবেদন পেশ, সন্দেহভাজন গ্রেপ্তারকৃতদের অব্যাহতির সুপারিশ
দেশজুড়ে ১৭ আগস্টের বোমা হামলার ঘটনায় চট্টগ্রামে দায়েরকৃত আটটি মামলার মধ্যে সোমবার চারটি মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে পেশ করা হয়েছে।
এসব প্রতিবেদনে সন্দেহভাজন গ্রেপ্তারকৃতদের অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, সিএমপির কোতোয়ালী, পাহাড়তলী, পাঁচলাইশ ও বাকলিয়া থানায় দায়েরকৃত মামলাগুলোর চূড়ান্ত প্রতিবেদন মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেটের অধীনে বিভিন্ন আদালতে পেশ করেন।
এছাড়াও অপর চারটি মামলার মধ্যে বন্দর ও খুলশী থানায় দায়েরকৃত দুটি মামলার চার্জশিট মঙ্গলবার পেশ করা হতে পারে বলে সূত্র জানিয়েছে।
১৭ আগস্ট চট্টগ্রাম মহানগরীর ১৯টি স্থানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এসব ঘটনায় পুলিশ বাদি হয়ে মোট আটটি মামলা দায়ের করে।
বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার আভিযোগে মোট ২৯ জনকে আটক করা হয়েছিল। এর মধ্যে ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
