বিমান-বিপিসি বিরোধ আপাতঃ সমাধান
জ্বালানি তেল সরবরাহের বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বিরোধ আপতঃ সমাধান হয়েছে।
বিমান সূত্র জানায়, বিমান কর্তৃপক্ষ নগদ অর্থে বিপিসি’র কাছ থেকে জ্বালানি তেল কিনবে তো বটেই, ঈদের পর বকেয়া পরিশোধ করার বিষয়ে বিপিসি’র সঙ্গে তারা বৈঠকে বসবে। বিমানের বিশেষ অনুরোধে বিপিসি এ শর্তে রাজি হয়েছে। অন্যথায় বিপিসি’র কথা ছিলো সোমবার থেকে বিমানকে সব ধরনের জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেওয়ার।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন এ বিষয়ে বিডিনিউজকে জানান, বিপিসি চিরাচরিত নিয়মে বিমানকে জ্বালানি তেল সরবরাহ করতে রাজি হয়েছে।
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আমরা তো নগদ টাকায় বিপিসি’র কাছ থেকে তেল কিনছি। বকেয়াও পরিশোধ করছি। তাহলে কোন যুক্তিতে তারা বিমানের মতো একটি জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠানে তেল সরবরাহ বন্ধ করার কথা বলে?’
বিমান প্রতিমন্ত্রী জানান, বিমানের সঙ্গে বিপিসির আপাতঃ সমঝোতা হয়েছে।
বিপিসি শুক্রবারই বিমানকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেওয়ায় সংস্থার অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচলে একদফা বিপর্যয় ঘটে। ওইদিন তেল সংকটের কারণে বিমানের অভ্যন্তরীণ ঢাকা-যশোর ও ঢাকা-রাজশাহী-সৈয়দপুর রুটের দুটি ফ্লাইট বাতিল হয়।
বিমানের বিশেষ অনুরোধে অবশ্য শুক্রবারই বেলা ২ টার পরে বিপিসি বিমানকে আবার তেল সরবরাহ শুরু করলে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হয়। তবে ফ্লাইট শিডিউলের হেরফেরের কারণে যাত্রীদের পোহাতে হয় নানান দুর্ভোগ।
বিমানের একজন মুখপাত্র জানান, বিমানের কাছে বিপিসি’র তেল বাবদ বকেয়া রয়েছে ২০০ কোটি টাকারও বেশী। এখন বিমান প্রতি মাসে নগদ টাকায় বিপিসি’র কাছ থেকে জ্বালানি তেল কিনছে। চলতি মাসে বিমান এ পর্যন্ত ২১ কোটি টাকার জ্বালানি তেল কিনেছে।
তবে বিপিসি’র হিসাবে বিমানের কাছে তাদের পাওনা জ্বালানি বাবদ ৫০৮ কোটি টাকা। ৩৬০ কোটি টাকার সূদসহ যার মোট পরিমান ৮৬৮ টাকা। বিপিসি প্রতিমাসে ১৫ কোটি টাকা করে কিস্তিতে বকেয়া শোধ করার কথা বললেও সামর্থ না থাকায় বিমান এতে রাজি নয়।
বিমান সূত্র জানায়, ১৯৯৬ সাল থেকে ২০০১ সালের ১০ অক্টোবর পর্যন্ত বিমান বিপিসি’র পাওনা ৫৬২ কোটি টাকার বিপরীতে ৩২১ কোটি টাকা পরিশোধ করেছে। বিপিসি’র ৫৬৮ কোটি টাকা বকেয়া ঘাড়ে নিয়ে যাত্রা করে গত চার বছরে বিমান জ্বালানি তেল ক্রয় ও বকেয়া পরিশোধ বাবদ মোট দিয়েছে ৯২৯ কোটি টাকা।
এদিকে বিশ্ব বাজারে দফায় দফায় তেলের দাম বাড়ছেই। অপরিশোধিত জ্বালানি তেলের দাম আগে যেখানে ব্যারেল প্রতি ২৬ সেন্ট ছিলো, এখন তা বেড়ে ৫৬ সেন্ট হয়েছে। আগে বিপিসি বিমানকে রেয়াতি মূল্যে তেল সরবরাহ করলেও বেশ কয়েক বছর ধরে এ ব্যবস্থা বন্ধ রয়েছে। শুধু রেয়াতি মূল্যে তেল সরবরাহ পেলে বিপিসির বকেয়ার পরিমান রাতারাতি হ্রাস পাবে।
বিমানের উড়োজাহাজ বহরে এখন পাঁচটি ডিসি-১০, চারটি এয়ারবাস এবং তিনটি এফ-২৮ রয়েছে। বিশ্বের তিনটি মহাদেশের ২৬ টি আন্তর্জাতিক ও সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে বিমান যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করছে।
