সারা দেশে ৪ দিনের টানা বর্ষণ, আগামী দু’এক দিন এ অবস্থা চলতে পারে
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তামিলনাড়ু-অন্ধ্র প্রদেশের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে শনিবার পর্যন্ত সারা দেশে বর্ষণ অব্যাহত রয়েছে।
আবহাওয়া অফিস সূত্র জানায়, আগামী দু’এক দিন দেশজুড়ে, বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে এ অবস্থা চলতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, সাধারণত নিম্নচাপের প্রভাবে ২৪ থেকে ৪১ ঘন্টা পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে। কিন্তু এবারের নিম্নচাপটি খুব ধীরে চলায় বেশি সময় ধরে বৃষ্টিপাত হচ্ছে।
আবহাওয়া অফিস রাজধানী ঢাকা এবং ঢাকার দক্ষিণে সমস্ত নদী বন্দরকে ২ থেকে ৩ নং নম্বর স্থানীয় সতর্কতা সংকেত মেনে চলতে বলেছে।
এদিকে সারা দেশে অব্যাহত বর্ষণের কারণে মানুষ দুভোর্গের শিকার হয়েছে। বেশি ভোগান্তির শিকার হয়েছে গরীব মানুষ। বিশেষ করে দিনমজুররা বঞ্চিত হচ্ছে কাজ থেকে।
এদিকে শনিবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বগুড়ায়। সেখানে ৭৯ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া মংলায় ৬৩ মিমি, ময়মনসিংহে ৫০ মিমি, সিলেট ও সন্দ্বীপে ৪৯ মিমি, রাজশাহীতে ৪৮ মিমি, ঈশ্বরদীতে ৩২ মিমি বৃষ্টিপাত হয়েছে। উল্লেখিত অঞ্চলগুলো ছাড়াও সারা দেশে বিভিন্ন মাত্রায় বৃষ্টিপাত হয়েছে।
বিডিনিউজ পটুয়াখালী প্রতিনিধি জানান, নিম্নচাপ ও প্রবল বর্ষণের কারণে পটুয়াখালী জেলার নদ-নদীগুলোর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে পাঁচ ফুট উঁচু দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। পানিতে জেলার চারটি রুটের ফেরির গ্যাংওয়ে ডুবে যাওয়ায় বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ ব্যবস্থা।
প্রবল জোয়ারে চরাঞ্চলেরর শতাধিক ঘেরের মাছ ভেসে গেছে। হাজার হাজার একর রবিশস্য অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় নষ্ট হয়ে পড়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে রাঙাবালী, কুয়াকাটা, মহিপুরের শত শত মাছ ধরার ট্রলার ইলিশ আহরণ করতে পারছে না।
বিডিনিউজ খুলনা প্রতিনিধি জানান, টানা চারদিনের বর্ষণে জেলার দাকোপ উপজেলার নয়টি ইউনিয়নের অর্ধ শতাধিক গ্রামের ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দু’শতাধিক পুকুর ও অর্ধ শতাধিক চিংড়ি মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় বন্ধ হয়ে পড়েছে এসব প্রতিষ্ঠানের কর্মকাণ্ড।
