২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক বাজারে তীব্র মূল্য প্রতিযোগিতার সম্মুখীন রপ্তানিকারকরা

অন্যদের তুলনায় অপেক্ষাকৃত মানসম্পন্ন পণ্য উৎপাদন করেও আন্তর্জাতিক বাজারে দাম পাবার ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছেন বাংলাদেশের রপ্তানিকারকরা। তবে অধিক পরিমানে পণ্য রপ্তানির মাধ্যমে তারা এ প্রতিযোগিতায় টিকে আছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এক পরিসংখ্যানে এ চিত্র পাওয়া যায়।

রপ্তানিকারকরা বলেন, অন্যান্য রপ্তানিকারক দেশ তাদের পণ্যের দাম কমিয়ে দিলে ক্রেতারা বাংলাদেশের পণ্যের ক্ষেত্রেও কম দাম অফার করছেন। এ কারণে আন্তর্জাতিক বাজারে রপ্তানিযোগ্য পণ্যের দাম অনেক কমে গেছে।

তারা বলেন, ওভেন গার্মেন্টসের দাম বৃদ্ধি, নিটওয়্যার শিল্পের জন্যে সুতার দাম কমানো এবং চামড়া শিল্পের পর্যাপ্ত কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা গেলে এ প্রতিযোগিতা মোকাবেলা করা অনেকটা সহজ হবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, আগের বছরের একই সময়ের তুলনায় ২০০৫ সালের জুলাইতে প্রাথমিক পর্যায়ের ও উৎপাদিত পণ্যের মূল্য সূচকের হার হ্রাস পেয়েছে।

তবে এসময়ে রপ্তানির পরিমান ৮ দশমিক ৯৩ শতাংশ বেশি হওয়ায় সার্বিক রপ্তানি মূল্য ৪ দশমিক ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্রমতে, পূর্বের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম মাসে পাটজাত পণ্য, চা, চামড়া, হিমায়িত খাদ্য, ফার্নেল অয়েল, ওভেন গার্মেন্টস, নিটওয়্যার ও গামছা-তোয়ালে রপ্তানির হার সার্বিকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে মার্কিন ডলারের ভিত্তিতে গত বছরের তুলনায় এবার এককভাবে এসব পণ্যের মূল্য হ্রাস পেয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি আনিসুল হক বিডিনিউজকে বলেন, আন্তর্জাতিক বাজারে ওভেন গার্মেন্টসের মূল্য দিনদিন হ্রাস পাচ্ছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি বলেন, মূল্যবৃদ্ধি নিশ্চিত করতে না পারলে আমরা প্রতিদ্বন্দ্বি চীন, পাকিস্তান, ভারত ও অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারব না।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মো. ফজলুল হক বলেন, ক্রেতাদের কাছ থেকে কম মূল্যের অফার পাওয়ার কারণে কিছু পণ্যের দাম কমে গেছে।

তিনি বলেন, আমাদের দেশে উৎপাদিত নিটওয়্যার পণ্যের মান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তাই চীনা নিটওয়্যার পণ্যের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে দামও সেরকম হতে হবে।

বিকেএমইএ সভাপতি বলেন, স্থানীয় বাজারে সুতার যে দাম, তা অব্যাহত থাকলে নিটওয়্যার পণ্য প্রতিয়োগিতা থেকে ছিটকে পড়বে। তিনি সুতা আমদানির জন্যে বেনাপোল বন্দর খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে, চলতি অর্থবছরের প্রথম মাসে ওভেন গার্মেন্টসের দাম ১০ দশমিক ২৬ শতাংশ, নিটওয়্যার পণ্যের দাম ১৯ দশমিক ১৯ শতাংশ, চামাড়াজাত পণ্যের দাম ১০ দশমিক ৭১ শতাংশ এবং হিমায়িত চিংড়ির দাম ২ শতাংশ হ্রাস পেয়েছে।

এতে বলা হয়, তামাক ও তামাকজাত পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। তবে শাক সবজি ও ফলের দাম বেড়েছে।

বাংলাদেশ প্রক্রিয়াজাত চামড়া ও চামড়াজাত পণ্য এবং ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম বলেন, বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তান তাদের চামড়াজাত পণ্যের ইউনিট মূল্য কমিয়েছে।

তিনি বলেন, চামড়াজাত পণ্য উৎপাদনে ভারত ও পাকিস্তান তাদের দেশের ভিতর থেকেই পর্যাপ্ত কাঁচামাল সরবরাহ পেয়ে থাকে। তাদের চামড়াজাত পণ্যের রপ্তানি মূল্যও বাংলাদেশী পণ্যের চেয়ে কম বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, চামড়াজাত পণ্য উৎপাদনে দেশের ভিতর থেকে পর্যাপ্ত কাঁচামাল সরবরাহ পাওয়া গেলে এ খাত থেকে আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।

বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাতগুলো হচ্ছে, ওভেন গার্মেন্টস, নিটওয়্যার, চামড়া, হিমায়িত খাদ্য এবং মাছ।