কোম্পানীগঞ্জে পুলিশের গুলিতে ৫ জন নিহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু, ওসি আইয়ুবের গ্রেপ্তার দাবিতে আন্দোলন
নোয়াখালীর কোম্পানিগঞ্জে পুলিশের গুলিতে পাঁচ জন নিহত হওয়ার ঘটনায় শনিবার সকাল থেকে তদন্ত কমিটির লোকজন জনগণের সাক্ষ্য গ্রহণ করেছে।
জেলা পরিষদ ডাকবাংলোয় এসময় প্রায় একশ জনের সাক্ষ্য করা হয়। মঙ্গলবার পর্যন্ত এ কাজ চলবে।
এদিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠানে শনিবার কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারনসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছে, গুলি বষর্ণের ঘটনায় দায়ী ওসি আইয়ুবকে গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
বৃহস্পতিবারের ওই ঘটনার পর থেকে ব্যাবসায়ীদের মধ্যে আতংক কাটেনি। স্বর্ণ ব্যবসায়ীরা সারাদিন দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করেছে। অতিরিক্ত আর্মড পুলিশ এখনও বাজার টহল দিচ্ছে। বাজারে লোকজনের উপস্থিতি ছিলো কম।
এদিকে পুলিশ বৃহস্পতিবারের ঘটনায় মামলা দায়ের করেছে। এতে আহত ও নিহতদের আসামি করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। এছাড়া একটি অপমৃত্যু ও ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
শনিবার তদন্ত কমিটির পক্ষে সাক্ষ্য গ্রহণ করেন বিভাগীয় তদন্ত কমিটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল জলিল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জাফর আলমসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অন্যদিকে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রেয়াজুল হক লিটন ও সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু বিডিনিউজকে বলেন, সন্ত্রাসী ওসি আইয়ুবকে গ্রেপ্তার না করা পর্যন্ত ব্যবসায়ীদের আন্দোলন অব্যাহত থাকবে।
