২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পুলিশের ক্রসফায়ারে চরমপন্থী নেতা নিহত

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা ছকপাড়া এলাকায় শনিবার ভোরে পুলিশের ক্রসফায়ারে নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) একজন আঞ্চলিক কমাণ্ডার নিহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2005, 12:46 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

নিহত চরমপন্থীর নাম হোসেন আলী (৩৫)। তার বাড়ি ওই থানার চড়িয়া কালিবাড়ী গ্রামে।

এ সময় পুলিশের তিন কনস্টেবল আহত হয়েছে।

পুলিশ জানায়, গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশ হোসেন আলীকে ২০ অক্টোবর গ্রেপ্তার করে সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

জিজ্ঞাসাবাদে সে পুলিশের কাছে তার সহযোগী এবং অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়।

তার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক পুলিশ তাকে সাথে নিয়ে শুক্রবার গভীর রাতে অস্ত্র উদ্ধারের জন্য গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।

পুলিশও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় হোসেন আলী পুলিশর হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

এসময় পুলিশের তিন কনস্টেবল আহত হয়। এরা হল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার শাহিদুল ইসলাম, কামাল রশিদ ও আবুল কামাল।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটার গান, দুটি দেশী বন্দুক, একটি চাইনিজ কুড়াল ও দুই রাউণ্ড রাইফেলের গুলি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত হোসেন আলীর বিরুদ্ধে একটি হত্যাসহ আটটি মামলা রয়েছে।