২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বন্যার কবল থেকে ফসল রক্ষায় এলজিইডি’র বিশেষ প্রকল্প

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিস্তীর্ণ ফসলের মাঠকে অকাল বন্যার হাত থেকে রক্ষা ও সেচের আওতায় আনার জন্যে এলজিইডি একটি সেচ প্রকল্প হাতে নিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2005, 09:22 AM

Updated : 26 Apr 2022, 06:13 PM

প্রায় ৪৪ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্ষুদ্র সেচ প্রকল্প নামের এ প্রকল্পের আওতায় পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য একটি ডুবন্ত বাঁধ এবং দুইটি পাইপ স্লুইস গেইট নির্মাণ করা হবে। এর ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৪ লাখ টাকা। বাঁধের উচ্চতা হবে তিন ফুট। এই বাঁধ আকস্মিক বন্যা থেকে জমির ফসল রক্ষা করবে আর স্লুইস গেইটগুলো খালের ভেতর অতিরিক্ত পানি জমলে তা সরিয়ে নিতে সহায়তা করবে।

প্রকল্পটি বাস্তবায়নের খবর স্থানীয় গ্রামবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেললেও কৃষকদের একটি শ্রেনী এ বাঁধ নির্মাণের বিরোধিতা করছে।

তাদের ধারনা এ প্রকল্প কৃষকদের কোন উপকারে আসবে না।

এ ধারণা থেকে শতাধিক কৃষক গত রোববার স্থানীয় সাংসদ অ্যড.হারুন-আল-রশীদ এর বাসভবন ঘেরাও করে। পরে প্রকল্পের উপকারিতা সম্পর্কে কৃষকদের বুঝিয়ে বলার পর তারা শান্ত হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আতাউর রহমান খান বিডিনিউজকে জানান, একটি স্বার্থান্বেষী মহল প্রকল্প সম্পর্কে অপপ্রচার করে কৃষকদের ক্ষেপিয়ে তোলার চেষ্টা করছে।

স্থানীয় কয়েকজন কৃষক জানান, অকাল বন্যায় প্রতিবছর ফসলের ব্যাপক ক্ষতি হয়। আবার সেচের অভাবেও প্রায় চারশ’ হেক্টর জমিতে ফসল হয় না। এ প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় আড়াইশ’ হেক্টর জমিতে সুলভে সেচ সম্ভব হবে। এতে ইরি চাষের পাশাপশি শাকসব্জিও চাষাবাদ করা সম্ভব হবে।

অপরদিকে অকাল বন্যার ঝুঁকি থেকে মুক্ত হবে আরো প্রায় দুইশ’ হেক্টর ফসলি জমি। ফলে এলাকার প্রায় ১৫ হাজার কৃষক উপকৃত হবে এবং ফলন বৃদ্ধি পাবে আরো প্রায় দেড় হাজার মেট্রিক টন।