২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় রাজউকের উচ্ছেদ অভিযান, প্রতিবাদ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বুধবার উত্তরায় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ে সংলগ্ন একটি দোতলা ভবন ভেঙে গুড়িয়ে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 09:17 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

রাজউকের পূর্ব নির্ধারিত বিমান বন্দর সংলগ্ন ঝুঁকিপূর্ণ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এ ভবন গুড়িয়ে দেওয়া হয়। এর আগে ভেঙে দেওয়া বাড়ির পাশের আরও দুটি ঝুঁিকপূর্ণ অবৈধ বাড়ি গুড়িয়ে দিয়েছিল রাজউক।

রাজউক সূত্রে জানা যায়, তারা উত্তরায় ১১১টি ঝুঁকিপূর্ণ অবৈধ ভবন চিহ্নিত করে ভাংচুরের সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক পর্যায়ে তারা ভাঙার জন্যে ১৭টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে। এ অবৈধ স্থাপনাগুলোর অবস্থান উত্তরার দলিপাড়া, আহালিয়া ও পাকুরিয়া গ্রামে।

অভিযানে নেতৃত্বদানকারী ম্যাজিস্ট্রেট হেলালউদ্দিন জানান, এ অভিযান অব্যাহত থাকবে এবং অভিযান বাবদ রাজউকের যে ব্যয় হচ্ছে, তা বাড়ির মালিকদের কাছ থেকে আদায় করা হবে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আক্কাস আলী জানান, ভাংচুরের জন্যে ৯৩ হাজার টাকা বিল পরিশোধ করতে রাউজক তাকে চিঠি দিয়েছে।

এদিকে দলিপাড়া মাদ্রাসা মাঠে বুধবার সকালে দলিপাড়া, আহালিয়া ও পাকুরিয়া গ্রামের ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ও এলাকাবাসীদের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় মেম্বার জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা আর ভবন না ভাঙা এবং ইতোপূর্বে ভাংচুরের জন্যে ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।