চুয়াডাঙ্গায় পুলিশের ক্রসফায়ারে চরমপন্থী নেতা নিহত
চুয়াডাঙ্গা সদর উপজেলার ফুলবাড়ি গ্রামে বুধবার ভোরে পুলিশের সঙ্গে ক্রসফায়ারে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির(এমএল) আঞ্চলিক নেতা আজাম্মেল ওরফে পলাশ (৩৮) নিহত হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটার গান ও গুলি উদ্ধার করেছে। পুলিশ সুপার জানান, তার বিরুদ্ধে পাঁচটি খুনসহ চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ থানায় বিভিন্ন মামলা রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মোল্লা বিডিনিউজকে জানান, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাঞ্চনপুর গ্রাম থেকে সদর থানা ও ডিবি পুলিশের একটি দল পলাশকে গ্রেপ্তার করে। জিজ্ঞেসাবাদকালে পলাশের স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারের জন্যে পুলিশের একটি দল তাকে ফুলবাড়ি গ্রামের মাঠে নিয়ে গেলে আগে থেকে ওত পেতে থাকা চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে ক্রসফায়ারে পড়ে পলাশ নিহত হয়।
পলাশের বাড়ি ঝিনাইদহের কোট চাঁদপুরে হলেও সে তার শ্বশুর বাড়ি চুয়াডাঙ্গার জালশুকা গ্রাম থেকে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতো বলে পুলিশ জানিয়েছে।
