গাজীপুর ডুয়েটে শিবিরের সাথে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষ, আহত ১৫
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) রোববার শিবিরের সাথে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
ইফতার আয়োজনকে কেন্দ্র করে সংঘটিত এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
ক্যাম্পাস সূত্র জানায়, রোববার ছাত্র শিবির ক্যাম্পাস মসজিদে ইফতার আয়োজন করে। এতে বহিরাগত কয়েকজনকে দাওয়াত করলে ছাত্রদল তাতে আপত্তি করে। এ নিয়ে ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ করলে ছাত্র শিবিরের সাথে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে ছাত্রদলের সাথে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন যোগ দিলে সংঘর্ষ ব্যাপকতা পায়। উভয় পক্ষ এ সময় লাঠি ও পাটকেল নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়।
হামলায় শিবিরের ডুয়েট শাখা সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোশতাক, সাংগঠনিক সম্পাদক মিজান, শিবির কর্মী ইমরান, বেলাল ও মেরিনসহ ১৫ জন আহত হয়। আহতরা বর্তমানে ডুয়েট ও গাজীপুর সদর হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
